Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোট ঘোষণার পর প্রশাসনে বড় বদল, রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন - NewsOnly24

ভোট ঘোষণার পর প্রশাসনে বড় বদল, রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রশাসনের শীর্ষস্তরে বড় রদবদল করল নির্বাচন কমিশন। মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। একই সঙ্গে দায়িত্ব থেকে সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোট প্রক্রিয়া শেষ না-হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও কাজে তাঁরা যুক্ত থাকতে পারবেন না।

নন্দিনীর পরিবর্তে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে জগদীশপ্রসাদ মীনার পরিবর্তে স্বরাষ্ট্রসচিব করা হয়েছে আইএএস আধিকারিক সংঘমিত্রা ঘোষকে। কমিশন জানিয়ে দিয়েছে, সোমবার দুপুর ৩টার মধ্যেই নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে তাঁদের।

রবিবার বিকেলেই সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের দুই শীর্ষ আমলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যায়। এই সময় নির্বাচন কমিশনের হাতে বিশেষ প্রশাসনিক ক্ষমতা থাকে। প্রয়োজনে রাজ্য সরকারের আমলা, আধিকারিক বা পুলিশকর্তাদের বদলির নির্দেশ দিতে পারে কমিশন। অতীতেও নির্বাচনের আগে বিভিন্ন পুলিশ সুপার, এমনকি কলকাতার পুলিশ কমিশনারকেও বদলির নির্দেশ দেওয়ার নজির রয়েছে। স্বরাষ্ট্রসচিব পরিবর্তনের ঘটনাও আগে ঘটেছে। তবে সাম্প্রতিক অতীতে মুখ্যসচিব পর্যায়ে পরিবর্তনের ঘটনা খুব একটা দেখা যায়নি বলে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের তৎকালীন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সময় কমিশনের অভিযোগ ছিল, নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত কিছু পদক্ষেপ কমিশনের নির্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একই সময়ে সিআইডি-র অতিরিক্ত মহাপরিদর্শক পদে থাকা রাজীব কুমারকেও দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন।

নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক। তিনি এর আগে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্বও সামলেছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেচ দফতরও দেখেছেন তিনি।

অন্যদিকে নতুন স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ ১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। এত দিন তিনি নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই দফতরে নারী ও শিশু কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশাসনিক কাজের দায়িত্ব ছিল তাঁর উপরেই।

এদিকে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে আগামী ৪ মে।

পশ্চিমবঙ্গে এত কম দফায় ভোটের নজির সাম্প্রতিক অতীতে খুব একটা নেই। বিধানসভা-সহ গত কয়েকটি নির্বাচনে সাধারণত ছয় থেকে সাত দফায় ভোটগ্রহণ হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল মোট আট দফায়। ফলে এ বার মাত্র দুই দফায় ভোটের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Related posts

বঙ্গ ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের, ৮ দফা থেকে কমে এ বার ২ দফা নির্বাচন

৬০ লক্ষ নাম এখনও ‘বিবেচনাধীন’, তবু রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা

ব্রিগেডের মোদীর সভায় মতুয়াদের জন্য শুধুই হাতাশা, ধর্ম মহামেলায় যোগ দেওয়া নিয়ে সংশয়