Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের - NewsOnly24

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

রান্নার গ্যাসের সম্ভাব্য সংকট ও গ্রাহকদের উদ্বেগের প্রেক্ষিতে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় হল নবান্ন। বৃহস্পতিবার আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিয়োর (এসওপি) প্রকাশ করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, মিডডে মিল, হাসপাতালের রান্না-সহ জরুরি পরিষেবায় গ্যাস সরবরাহে কোনও টান পড়বে না। পাশাপাশি গৃহস্থালির রান্নাঘরেও এলপিজি জোগান স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের জেরে দেশে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। তবে বাস্তবে যতটা সংকট নয়, তার চেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে—এমনটাই মনে করছে রাজ্য প্রশাসন। সেই উদ্বেগ দূর করতেই একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন।

এসওপি অনুযায়ী, নবান্নে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হবে। এই কন্ট্রোল রুম থেকেই রাজ্যে এলপিজির মজুত, সরবরাহ ও বণ্টন ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। জেলার প্রশাসন, গ্যাস সরবরাহকারী সংস্থা এবং তেল বিপণন সংস্থাগুলির (ওএমসি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এই কাজের জন্য তেল সংস্থাগুলির পক্ষ থেকেও নোডাল অফিসার নিয়োগ করা হতে পারে বলে জানা গিয়েছে।

বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের পর্যবেক্ষক কমিটি গঠনের কথাও জানিয়েছে নবান্ন। ওই কমিটির প্রধান থাকবেন মুখ্যসচিব। কমিটিতে থাকবেন স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ দফতরের প্রিন্সিপাল সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সচিব, শিল্প ও বাণিজ্য দফতরের প্রিন্সিপাল সচিব, খাদ্য ও অসামরিক সরবরাহ দফতরের প্রিন্সিপাল সচিব, পর্যটন দফতরের সচিব, স্বরাষ্ট্র দফতরের সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, এডিজি (আইন ও শৃঙ্খলা), কলকাতার পুলিশ কমিশনার, এডিজি (এনফোর্সমেন্ট বিভাগ) এবং এডিজি (আইবি)। এই কমিটি শুধু এলপিজি নয়, রাজ্যে সিএনজি, ডিজ়েল, পেট্রল এবং কেরোসিনের মজুত ও সরবরাহ পরিস্থিতিও পর্যালোচনা করবে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে রাজ্য প্রশাসন। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য একটি হেল্পলাইন চালু করার পরিকল্পনাও করা হয়েছে।

Related posts

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি