কলকাতা: উৎসবের মরসুমের আগেই রাজ্যে মদের দামে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদ—তিন ধরনের মদের ক্ষেত্রেই নতুন মূল্যকাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড (WSBCL)। ১ অক্টোবর ২০২৬ থেকে সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর করার কথা জানানো হয়েছে।
যদিও WSBCL-এর বিজ্ঞপ্তিতে সরাসরি কত শতাংশ দাম বাড়বে, তা উল্লেখ করা হয়নি। তবে নতুন দামে সমস্ত পণ্যকে ফের নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কোনও পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও নতুন করে তার নথিভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।
৩ সেপ্টেম্বর WSBCL-এর সদর দফতরে বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদ সরবরাহকারী বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক হয়। ২৫ অগস্ট জারি হওয়া তিনটি ‘প্রি-বিড’-এর ভিত্তিতে এই বৈঠক করা হয়। সেখানে নতুন মূল্য সংক্রান্ত নথি জমা দেওয়া এবং পণ্য নথিভুক্তির প্রক্রিয়া নিয়ে সংস্থাগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, EOI গ্রহণের পর সমস্ত পণ্যকে নতুন মূল্যের ভিত্তিতে নথিভুক্ত করতে হবে। ঘোষিত মূল্য প্রচলিত আবগারি আইন মেনে হতে হবে এবং ৩০ জুন ২০২৬-এর সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। পাশাপাশি পণ্য মজুত ও পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজস্ব বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই মদ বিক্রি থেকে রাজস্ব বাড়ানোর পাশাপাশি মূল্যকাঠামো পুনর্বিন্যাসের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
আগামী ১০ অক্টোবর মহালয়া দিয়ে দেবীপক্ষের সূচনা। তার আগেই, ১ অক্টোবর থেকে নতুন মূল্য কার্যকর হওয়ার কথা। ফলে দুর্গাপুজোর মরসুমে মদ কিনতে গেলে ক্রেতাদের পকেটে কতটা বাড়তি চাপ পড়বে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট পণ্যের নতুন দামের উপর।