খাতায়-কলমে বর্ষা শেষ। কিন্তু বৃষ্টির দাপট কমার কোনও লক্ষণ নেই। বরং শরতের শুরুতেই ফের বাড়ছে বৃষ্টি। তার উপর ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীগুলির জলস্তরও বাড়ছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে। এর প্রভাব ৯ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত থাকতে পারে।
একাধিক ঘূর্ণাবর্ত-নিম্নচাপের প্রভাব
আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। শুক্রবারের মধ্যে নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে।
পাশাপাশি সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে সেটি পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সব মিলিয়ে রাজ্যে আরও কয়েক দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
শুক্রবার কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার ও শনিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আগামী সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বুধবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।
উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
কোচবিহারে রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরেও বৃষ্টি বাড়তে পারে।
তবে দক্ষিণ দিনাজপুর ও মালদহে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত ওই দুই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
বন্যা পরিস্থিতির মধ্যে বাড়তি উদ্বেগ
বর্ষা বিদায়ের সময়েও নতুন করে বৃষ্টির পূর্বাভাস এবং ডিভিসির জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নদীর জলস্তর ইতিমধ্যেই বাড়ছে। ফলে নতুন করে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।