কলকাতা: দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিকে হতে শুরু করলেও আবহাওয়ার খামখেয়ালিপনা জারি রয়েছে। শেষ রাত বা ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে অস্বস্তি। এই পরিস্থিতির মাঝেই আলিপুর আবহাওয়া দফতর জানাল, রাজ্যে আপাতত জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই। তবে আগামী সোমবার পর্যন্ত দুইবঙ্গেই বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। এমনকি উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীরে অবস্থান করছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর পাশাপাশি উত্তর-পূর্ব বিহারের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কুয়াশার দাপট রুখতে উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
কুয়াশার প্রভাব থেকে বাদ যাচ্ছে না দক্ষিণবঙ্গও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি বেশি। আলিপুর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতার পারদ ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে।
আবহাওয়াবিদদের মতে, নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা থাকায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত কুয়াশাচ্ছন্ন ভোর এবং ভ্যাপসা গরমের বিচিত্র মিশেলেই দিন কাটবে বঙ্গবাসীর।