আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে টানা ১২তম জয় তুলে নিল সূর্যকুমার যাদবের দল। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে সুপার এইটে পা রাখছে ভারত।
প্রথমে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ১৯৩ রান। জবাবে নেদারল্যান্ডস থামে ৭ উইকেটে ১৭৬ রানে।
৩৯ রানে ২ উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন তিলক বর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব। তিলক করেন ২৭ বলে ৩১, সূর্য ২৮ বলে ৩৪। তবে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন শিবম দুবে। ৩১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংসে চারটি চার ও ছয়টি ছক্কা মারেন তিনি। শেষ দিকে হার্দিক পাণ্ড্যের ২১ বলে ৩০ রান দলকে বড় সংগ্রহে পৌঁছে দেয়। রিঙ্কু সিংহ ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন।
ওপেনার অভিষেক শর্মা আবারও ব্যর্থ। শূন্য রানে আউট হয়ে শেষ সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাঁচটিতেই ডাক মারলেন তিনি। পাকিস্তান ম্যাচের নায়ক ঈশান কিশনও এ দিন বড় রান পাননি (১৮)। দুই ওপেনারকেই আউট করেন আরিয়ান দত্ত।
নেদারল্যান্ডসের হয়ে লোগান ভ্যান বিক ৫৬ রানে ৩ উইকেট নেন। ১৯ রানে ২ উইকেট আরিয়ান দত্তের। কাইল ক্লেইন নেন ১ উইকেট।
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস সাবধানে শুরু করলেও নিয়মিত উইকেট হারায়। বাস ডি লিড ২৩ বলে ৩৩ ও নোয়া ক্রোয়েস অপরাজিত ২৫ রান করেন। কলিন অ্যাকারম্যান করেন ১৫ বলে ২৩। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১০ বলে ১৫ রান করেন। তবে প্রয়োজনীয় রানরেট ধরে রাখতে পারেনি ডাচ দল।
বল হাতে ভারতের সফলতম বরুণ চক্রবর্তী, ১৪ রানে ৩ উইকেট। শিবম দুবে নেন ২ উইকেট। একটি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ড্য।
জয়ের মাঝেও উদ্বেগ রয়ে গেছে। অভিষেকের ধারাবাহিক ব্যর্থতা এবং ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ মিস সুপার এইটের আগে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে টানা ১২ জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতীয় শিবিরে।