আইপিএলে সোমবার সন্ধ্যায় কলকাতায় ম্যাচ রয়েছে Kolkata Knight Riders-এর। তবে ম্যাচ শুরুর আগেই প্রশ্ন—বৃষ্টি কি খেলায় বাধা দেবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে Telangana পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। এর টানে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেল গড়াতেই মেঘ ঘনানোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। ফলে সন্ধ্যা ৭:৩০-এ শুরু হওয়া ম্যাচে আবহাওয়ার প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার দুর্যোগ আরও বাড়তে পারে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলায়।
হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। অনেক জায়গায় ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়বৃষ্টির জেরে রাজ্যজুড়ে তাপমাত্রা কমবে, মিলবে গরম থেকে স্বস্তি। তবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার ঝুঁকি থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে, কলকাতার আইপিএল ম্যাচে পুরোপুরি বৃষ্টি নাও হতে পারে, তবে মাঝেমধ্যে বৃষ্টি বা বজ্রঝড়ের কারণে খেলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে। ক্রিকেটপ্রেমীদের তাই চোখ রাখতে হবে আকাশের দিকেও।