প্রথম পাতা খবর গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,

126 views
A+A-
Reset

ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, ওই অনুষ্ঠান উপলক্ষে সরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি রসিদ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ঘটনার সূত্রপাত শুক্রবার। সনাতনী ঐক্য মঞ্চ-এর তরফে হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের জন্য মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৪০ হাজার টাকার একটি চাঁদার বিল ধরানো হয় বলে অভিযোগ। সেই বিলের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

ঘটনাচক্রে ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। বিষয়টি জানার পর তিনি দ্রুত কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পুরো ঘটনা জানার পরে তিনি স্পষ্ট নির্দেশ দেন, গীতাপাঠের অনুষ্ঠানের জন্য কোনও অবস্থাতেই ওই চাঁদার টাকা দেওয়া যাবে না।

এ বিষয়ে বিরবাহা হাঁসদা বলেন, “কলেজের অর্থ শুধুমাত্র কলেজের প্রয়োজন ও উন্নয়নেই খরচ করা উচিত। পরিচালন সমিতির সভাপতি হিসেবে এটাই আমাদের দায়িত্ব। তাই অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই চাঁদার টাকা যেন কোনওভাবেই দেওয়া না হয়।”

যদিও সংগঠনের তরফে দাবি করা হয়েছে, ওই ৪০ হাজার টাকার বিলটি কলেজ কর্তৃপক্ষের কাছে চাঁদা চাওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়নি। তাঁদের বক্তব্য, কলেজে কর্মরত অধ্যাপক, অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীদের কাছ থেকে সম্মিলিতভাবে চাঁদা সংগ্রহের জন্যই ওই বিল দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি মানিকপাড়া এলাকায় সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে চাঁদার অভিযোগ সামনে আসায় এই আয়োজন ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.