কালীপুজো ও দীপাবলিতে দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত রাত্রিকালীন লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ২০২৬ সালের ৮/৯ নভেম্বর, ৯/১০ নভেম্বর এবং ১০/১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে শিয়ালদহ ডিভিশনে মোট ৬ জোড়া বিশেষ EMU ট্রেন চালানো হবে। শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুরের মধ্যে এই অতিরিক্ত ট্রেনগুলি চলবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বারাসত ও নৈহাটির কালীপুজোর দর্শনার্থীদের পাশাপাশি গভীর রাতে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। উৎসবের সময়ে সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ (উত্তর), রানাঘাট এবং বারাসতে চালকদল-সহ একটি করে EMU রেক স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন অনুযায়ী সেই রেক ব্যবহার করে অতিরিক্ত ট্রেন চালানো হবে।
আপ লাইনের বিশেষ ট্রেনের সময়সূচি
১. ট্রেন নম্বর 03161: শিয়ালদহ থেকে রাত ১১টায় ছেড়ে ডানকুনি পৌঁছবে রাত ১১টা ৪২ মিনিটে।
২. ট্রেন নম্বর 03163: শিয়ালদহ থেকে রাত ১২টা ৫০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১টা ৩৫ মিনিটে।
৩. ট্রেন নম্বর 03165: বারাসত থেকে রাত ১টা ৫০ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৩টেয়।
৪. ট্রেন নম্বর 03167: বারাসত থেকে রাত ১টা ১০ মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে রাত ২টা ৩৬ মিনিটে।
৫. ট্রেন নম্বর 03169: শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ২টা ৩০ মিনিটে।
৬. ট্রেন নম্বর 03171: ব্যারাকপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ২টা ১০ মিনিটে।
ডাউন লাইনের বিশেষ ট্রেনের সময়সূচি
১. ট্রেন নম্বর 03162: ডানকুনি থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১২টা ৩৭ মিনিটে।
২. ট্রেন নম্বর 03164: বারাসত থেকে রাত ১টা ১০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।
৩. ট্রেন নম্বর 03166: বনগাঁ থেকে রাত ১১টায় ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২টা ১০ মিনিটে।
৪. ট্রেন নম্বর 03168: হাসনাবাদ থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২টা ৫৬ মিনিটে।
৫. ট্রেন নম্বর 03170: রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে।
৬. ট্রেন নম্বর 03172: শিয়ালদহ থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে ব্যারাকপুর পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।
নৈহাটি স্টেশনে প্ল্যাটফর্ম পরিবর্তন
কালীপুজোর সময়ে নৈহাটি জংশনে ভিড় ও যানজট নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্ল্যাটফর্ম ব্যবস্থাও করা হয়েছে। রেলের পরিকল্পনা অনুযায়ী, ৮ থেকে ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে কোনও ট্রেন আসবে না বা ছাড়বে না। ওই সময় সংশ্লিষ্ট ট্রেনগুলি ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল করবে।
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য রেল কর্তৃপক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার। উৎসবের অতিরিক্ত ভিড় সামাল দিতে অতিরিক্ত রাত্রিকালীন ট্রেন, স্ট্যান্ডবাই EMU রেক এবং নৈহাটি স্টেশনে বিশেষ প্ল্যাটফর্ম ব্যবস্থার মতো পদক্ষেপ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পাশাপাশি রেল প্রশাসনকে সহযোগিতা করার আবেদনও জানিয়েছেন তিনি।