মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ল। শুক্রবার মধ্যরাত থেকেই গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৬০ টাকা দাম বাড়ানো হয়েছে। নতুন দামে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে কেন্দ্র। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। মহিলাদের কালো শাড়ি পরে হাতে হাতা-খুন্তি নিয়ে মিছিলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে আন্তর্জাতিক পরিস্থিতির জেরে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় কেন্দ্র জরুরি ক্ষমতা প্রয়োগ করেছে। তেল সংস্থাগুলিকে ঘরোয়া বাজারে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলে সাধারণ মানুষের মধ্যে গ্যাস মজুত করার প্রবণতা বাড়তে পারে। সেই কারণেই নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন একটি সিলিন্ডার পাওয়ার পর দ্বিতীয়টি বুক করতে হলে অন্তত ২১ দিনের ব্যবধান রাখতে হবে। আগে এই সময়সীমা ছিল ১৫ দিন।
শুধু গৃহস্থালির গ্যাস নয়, বাণিজ্যিক গ্যাসের দামও উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে হোটেল-রেস্তরাঁ এবং ছোট ব্যবসায়ীদের উপরও অতিরিক্ত চাপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ঘিরে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।