লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসারণের দাবিতে বিরোধী শিবিরের উদ্যোগে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এই প্রস্তাবে সমর্থন জানাতে পারে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সঙ্গে অনাস্থা প্রস্তাবে সই করবেন তৃণমূল সাংসদরাও।
তৃণমূলের অভিযোগ, সংসদের কার্যপ্রণালী পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না এবং বিরোধী দলের সাংসদদের বক্তব্য তুলে ধরার পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। এই অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলে আসছিল শাসকদল। সেই কারণেই স্পিকারের বিরুদ্ধে বিরোধী শিবিরের সঙ্গে একযোগে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
আগামী সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। সেই অধিবেশনেই স্পিকারের অপসারণের প্রশ্নে বিরোধীরা ফের সরব হতে পারেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। সংসদের ভিতরে যেমন এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তেমনই সংসদের বাইরে রাজনৈতিক চাপও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত মাসে বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন কংগ্রেসের উদ্যোগে একাধিক বিরোধী দল একজোট হয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসারণের দাবিতে নোটিস জমা দিয়েছিল। সংসদের নিয়ম অনুযায়ী, স্পিকারের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনতে নির্দিষ্ট সংখ্যক সাংসদের সমর্থন প্রয়োজন হয়।
সূত্রের খবর, সেই নোটিসে ইতিমধ্যেই প্রায় ১১৮ জন সাংসদের স্বাক্ষর রয়েছে। এবার সেখানে তৃণমূল সাংসদদের সইও যুক্ত হতে পারে। ফলে স্পিকার অপসারণ ইস্যুতে বিরোধী শিবিরের চাপ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিরোধী সাংসদদের অভিযোগ, সংসদের দুই কক্ষেই তাঁদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। সেই অভিযোগের ভিত্তিতেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রশ্নে একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।