প্রথম পাতা খবর ৮ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন মমতা, কালীঘাট থেকে মিছিলের প্রস্তুতি

৮ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন মমতা, কালীঘাট থেকে মিছিলের প্রস্তুতি

107 views
A+A-
Reset

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই জমে উঠছে। সূত্রের খবর, তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারেন। ওই দিন কালীঘাটের নিজের বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ কলকাতার তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই মিছিলে উপস্থিত থাকতে পারেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং দক্ষিণ কলকাতা জেলা সভাপতি দেবাশিস কুমার। পাশাপাশি ভবানীপুরের তৃণমূল কাউন্সিলরদেরও ওই মিছিলে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বার ভবানীপুরে নজরকাড়া লড়াই হতে চলেছে। মমতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে। তিনি একই সঙ্গে নন্দীগ্রাম থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২১ সালের নন্দীগ্রামের মতোই এবার ভবানীপুরেও দুই হেভিওয়েট নেতার সরাসরি লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হিসেবে রয়েছেন শ্রীজীব বিশ্বাস।

যদিও শুভেন্দু ইতিমধ্যেই ভবানীপুরে প্রচার শুরু করেছেন, এখনও পর্যন্ত নিজের কেন্দ্রে প্রচারে নামেননি মমতা। তৃণমূল সূত্রে খবর, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করবে দল। বিভিন্ন ওয়ার্ডে আলাদা করে সভা-মিছিলের পরিকল্পনা রয়েছে এবং শীর্ষ নেতৃত্বও প্রচারে অংশ নিতে পারেন।

বিশেষ করে মমতার নিজের ওয়ার্ড ৭৩-এ বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। ১৪ এপ্রিল, বিআর অম্বেডকর-এর জন্মদিনে ওই ওয়ার্ড থেকেই প্রচারের সূচনা হতে পারে। এরপর ভোটের শেষ দিন পর্যন্ত সেখানে ধারাবাহিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, রাজ্যে এ বার দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভবানীপুরে ভোট রয়েছে দ্বিতীয় দফায়। আগামী ২ এপ্রিল নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.