প্রথম পাতা বিনোদন মধ্যরাতের তালসারি থানায় এফআইআর দায়ের প্রিয়াঙ্কার, সঙ্গে ছিলেন প্রসেনজিৎ

মধ্যরাতের তালসারি থানায় এফআইআর দায়ের প্রিয়াঙ্কার, সঙ্গে ছিলেন প্রসেনজিৎ

30 views
A+A-
Reset

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে নতুন মোড় নিল তদন্ত। শনিবার গভীর রাতে প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় পৌঁছে স্বামীর মৃত্যুকে ঘিরে এফআইআর দায়ের করেন।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। থানার বাইরে বেরিয়ে প্রসেনজিৎ জানান, “রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা এফআইআর দায়ের করেছেন। বিস্তারিত অনলাইনে পাওয়া যাবে।”

শনিবার সকাল থেকেই প্রিয়াঙ্কার পাশে ছিলেন টলিউডের এই দুই তারকা। একই দিনে কলকাতার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য, ওই সংস্থার একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েই মৃত্যু হয় রাহুলের।

এফআইআর-এ ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পরিকল্পিতভাবে অবহেলাজনিত ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করা হচ্ছিল, যা অভিনেতার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।

এছাড়াও অভিযোগ করা হয়েছে, রাহুলের মৃত্যুর পর ঘটনাটি চাপা দিতে এবং বিভ্রান্তি ছড়াতে অভিযুক্তরা মিথ্যা তথ্য প্রচার করেছেন।

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে সরব হয়েছেন প্রিয়াঙ্কা সরকার এবং টলিউডের একাংশ। এখন নজর পুলিশের তদন্তে—রাহুলের মৃত্যুর নেপথ্যে আসল কারণ সামনে আসে কি না, সেটাই দেখার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.