কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বৃহস্পতিবার বিকেলে নবান্নে গেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিকেল ৫টার কিছু পরে নবান্নে পৌঁছন তিনি। প্রায় দু’ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ স্পষ্ট জানিয়ে দেন, এই বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।
অভিনেতার কথায়, বাইরে নানা ধরনের জল্পনা চলছে, কিন্তু তার অধিকাংশই ভিত্তিহীন। তিনি বলেন, “কফি খেলাম, কিছুক্ষণ গল্প করলাম। আমাদের ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মহানায়ক উত্তমকুমারের মৃত্যুদিন উপলক্ষে বিশেষ সম্মান জানানোর বিষয়েও কথা হয়েছে। আমি আগেও বলেছি, যদি কোনও দিন রাজনীতিতে যোগ দিই, তা হলে সবার আগে মানুষই তা জানতে পারবেন।”
উল্লেখ্য, গত সোমবার কলকাতায় এসে অভিনেতার বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছিল। এদিন সেই প্রসঙ্গও তোলেন প্রসেনজিৎ। তিনি জানান, অমিত শাহ মাত্র কয়েক মিনিটের জন্য তাঁর বাড়িতে এসেছিলেন এবং সেটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
প্রসেনজিৎ বলেন, “আমি ৪০ বছর ধরে কাজ করছি। ইন্ডাস্ট্রির নানা প্রয়োজন রয়েছে। কিছু বিষয় প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতেই নবান্নে এসেছিলাম। সেই অনুরোধই জানিয়েছি।”
প্রসঙ্গত, দিল্লিতে ‘পদ্মশ্রী’ সম্মান গ্রহণের সময় অমিত শাহকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রসেনজিৎ। সেই আমন্ত্রণ রক্ষা করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সফর বলে জানা গিয়েছিল। তবে সেই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা তৈরি হলেও, বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর অভিনেতা কার্যত সমস্ত জল্পনা উড়িয়ে দেন।
তিনি স্পষ্ট বার্তা দেন, টলিউডের উন্নয়ন এবং বাংলা চলচ্চিত্র শিল্পের স্বার্থে তিনি কাজ করে যেতে চান। তবে রাজনৈতিক সমীকরণের সঙ্গে তাঁর এই সাক্ষাৎগুলিকে না জড়ানোর আবেদনও জানান।