প্রথম পাতা বিনোদন বাংলা সিনেমার উন্নয়নে কমিটি গঠন, ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

বাংলা সিনেমার উন্নয়নে কমিটি গঠন, ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

13 views
A+A-
Reset

বাংলা চলচ্চিত্র শিল্পের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের পথ খুঁজতে বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে বৈঠকে এই কমিটি গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমিটির নেতৃত্বে থাকছেন তথ্য-সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সুপারিশ-সহ রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে।

নবান্ন সূত্রে খবর, বাংলা চলচ্চিত্র প্রদর্শন ও প্রদর্শনী সংক্রান্ত নানা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবে এই কমিটি। সিনেমা হল ও থিয়েটার হলের মালিক এবং প্রদর্শকরা কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি চলচ্চিত্র পরিচালন ব্যবস্থা, বাণিজ্যিক দিক এবং শিল্পের উন্নয়নের সম্ভাবনা নিয়েও আলোচনা করবে কমিটি।

তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে বাংলা সিনেমার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে এই কমিটি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষণ ও সুপারিশ-সহ রিপোর্ট জমা দিতে হবে তথ্য ও সংস্কৃতি দফতরের কাছে।

কমিটিতে বাংলা চলচ্চিত্র জগতের চার জন বিধায়ককে রাখা হয়েছে। পাশাপাশি পরিচালক, প্রযোজক, প্রদর্শক ও পরিবেশকদের মধ্যে প্রতিটি বিভাগ থেকে দু’জন করে প্রতিনিধি থাকবেন। এছাড়াও রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, কলকাতা পুলিশের কমিশনার এবং কলকাতা পুরসভার একজন প্রতিনিধি কমিটির সদস্য থাকবেন। চলচ্চিত্র শিল্পের বিশেষ আমন্ত্রিত ব্যক্তিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতরের সচিব এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে বাংলা সিনেমার প্রদর্শন বাধ্যতামূলক করার বিষয়েও নির্দেশিকা জারি করেছে তথ্য ও সংস্কৃতি দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রতিটি সিনেমা হলে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা ছবি দেখাতে হবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সিনেমা হল মালিক ও প্রদর্শকরা নিজেদের প্রয়োজন এবং সময়সূচি অনুযায়ী সুবিধাজনক সময় বেছে নিতে পারবেন।

নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা নজরদারি করবে প্রশাসন। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে আইন ও বিধি অনুযায়ী লাইসেন্স বা অনুমতি স্থগিত কিংবা বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। জেলার সিনেমা হলগুলিতে নির্দেশ পালনের বিষয়টি দেখবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা। কলকাতার ক্ষেত্রে নজরদারির দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের কমিশনারের উপর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.