প্রথম পাতা খবর কালবৈশাখী থামতেই বাড়ছে গরমের দাপট, ৫ জেলায় উষ্ণ ও আর্দ্রতার সতর্কতা

কালবৈশাখী থামতেই বাড়ছে গরমের দাপট, ৫ জেলায় উষ্ণ ও আর্দ্রতার সতর্কতা

113 views
A+A-
Reset

ঝড়বৃষ্টির দাপট কাটতেই রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

ইতিমধ্যেই সোমবার থেকে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল—পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন পরিবর্তন না হলেও তার পরবর্তী চার দিনে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের তীব্রতা দ্রুত বাড়বে বলেই আশঙ্কা।

তবে গরমের মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে এখনও ঝড়-বৃষ্টির প্রভাব পুরোপুরি কাটেনি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের পর সেখানেও আবহাওয়া পরিষ্কার হবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে।

কলকাতাতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও এখন তা বাড়ার পথে। আবহাওয়াবিদদের মতে, আপাতত কালবৈশাখীর সম্ভাবনা কম থাকায় আগামী কয়েক দিনে গরম ও আর্দ্রতাই হবে প্রধান সমস্যা। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.