প্রথম পাতা খবর ‘পর্যাপ্ত বার্নল-বোরোলিন রাখুন’! ভোটের আগে  কমিশনের পোস্টে বিতর্ক

‘পর্যাপ্ত বার্নল-বোরোলিন রাখুন’! ভোটের আগে  কমিশনের পোস্টে বিতর্ক

11 views
A+A-
Reset

হাতে গোনা আর মাত্র কয়েক দিন। আগামী সপ্তাহেই বাংলায় প্রথম দফার ভোট। তার আগেই নির্বাচনী প্রচারে তুঙ্গে উত্তাপ। শাসক ও বিরোধী—দুই শিবিরই ঝাঁপিয়েছে ভোটের ময়দানে, একে অপরকে নিশানা করে চলছে তীব্র আক্রমণ। এই আবহেই কমিশন ও শাসকদলের সংঘাত নতুন মাত্রা নিয়েছে।

ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল, এসআইআর তালিকা ঘিরে বিতর্ক এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগে বারবার কাঠগড়ায় উঠেছে ভারত নির্বাচন কমিশন। চিঠি ও জনসভা—দুই মঞ্চেই কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পরিস্থিতিতেই ভোটের আগে নতুন বিতর্কের জন্ম দিল কমিশনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। দক্ষিণ কলকাতার ডিইও-র অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় একটি বলিউড গানের লিঙ্ক—‘হাম প্যায়ার করনে ওয়ালে…’, যেখানে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত এবং আমির খান।

পোস্টের ক্যাপশনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হলেও, তাতেই যুক্ত হয় বিতর্কিত ভাষা। সেখানে লেখা হয়, “সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। যদিও কিছু লোক এতে জ্বলতে পারে। গুণ্ডা ও অপরাধীরা সাবধান—নিজেদের সঙ্গে পর্যাপ্ত বার্নল ও বোরোলিন রাখুন, না হলে উত্তাপে পুড়ে যাবেন।”

এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। একাংশের মতে, কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের এমন ভাষা ব্যবহার নজিরবিহীন। আবার অন্য অংশের দাবি, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কড়া বার্তা দিতেই এই ধরনের পোস্ট।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের ভোটে প্রচারের ধরনও অনেকটাই বদলেছে। প্রার্থীদের নানা অভিনব কর্মকাণ্ড যেমন নজর কেড়েছে, তেমনই কমিশনের এই ‘সিনেম্যাটিক’ বার্তাও নতুন মাত্রা যোগ করেছে নির্বাচনী প্রচারে।

অনেকেরই মত, নাম না করে শাসকদলের কটাক্ষের জবাব দিতেই কমিশনের এই পোস্ট। যদিও এ বিষয়ে কমিশনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ভোটের আগে এই পোস্ট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নির্বাচনী আবহে নতুন উত্তাপ যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.