প্রথম পাতা খবর পয়লা বৈশাখে স্বস্তির বৃষ্টি, তবু কমবে না গরমের দাপট! কী বলছে হাওয়া অফিস

পয়লা বৈশাখে স্বস্তির বৃষ্টি, তবু কমবে না গরমের দাপট! কী বলছে হাওয়া অফিস

19 views
A+A-
Reset

গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহে কার্যত নাজেহাল পশ্চিমবঙ্গের মানুষ। সকাল থেকেই চড়া রোদ, তার সঙ্গে অস্বস্তিকর গরমে শহর থেকে গ্রাম—সব জায়গাতেই হাঁসফাঁস পরিস্থিতি। বিকেলের দিকে হালকা হাওয়া বইলেও তাতে বিশেষ স্বস্তি মিলছে না। এর মধ্যেই সকলের প্রশ্ন ছিল, এই ভ্যাপসা গরম নিয়েই কি কাটবে বাংলা নববর্ষের প্রথম দিন?

এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, চৈত্র সংক্রান্তিতে গরমের দাপট বজায় থাকলেও পয়লা বৈশাখে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমবে না বলেই জানানো হয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি আরও বাড়বে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় পারদ ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে।

তবে এর মাঝেই কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরবর্তী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.