প্রথম পাতা খবর ভোটের আগে ধোঁয়াশা কাটবে আজ? ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর বিকেলে তালিকা দেবে কমিশন

ভোটের আগে ধোঁয়াশা কাটবে আজ? ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর বিকেলে তালিকা দেবে কমিশন

14 views
A+A-
Reset

এসআইআর প্রক্রিয়ার পরেও রাজ্যে বহু ভোটারের মধ্যে অনিশ্চয়তা কাটেনি। বিশেষ করে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল বা বিচারাধীন ছিল, তাঁদের মধ্যে এখনো দুশ্চিন্তা প্রবল—২৩ এপ্রিল প্রথম দফার ভোটে তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের নির্দেশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে Election Commission of India। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের নির্দিষ্ট সময়ের আগে বিধি মেনে এইসব ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনে মঙ্গলবার বিকেল ৫টা, অর্থাৎ প্রচার শেষ হওয়ার পর প্রকাশিত হবে ‘যোগ্য ভোটারদের’ তালিকা।

জানা যাচ্ছে, যাঁদের নাম এই তালিকায় থাকবে, তাঁরাই ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন। একইভাবে দ্বিতীয় দফার ভোটের আগে, অর্থাৎ ২৭ এপ্রিল আরও একটি তালিকা প্রকাশ করা হবে, যেখানে স্পষ্ট হবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে কারা ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন। এবার রাজ্যের মোট ১৫২টি বিধানসভা আসনে প্রথম দফার ভোটগ্রহণ হবে, যেখানে বহু ভোটারের নাম নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল।

এই নামগুলি নিষ্পত্তির জন্য কমিশন গঠিত প্রাক্তন বিচারপতিদের ট্রাইব্যুনালে আবেদন জানাতে হয়েছিল অনেককেই। অতিরিক্ত তথ্যপ্রমাণ জমা দিয়ে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে হয়েছে। ট্রাইব্যুনাল সেই সমস্ত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিয়েছে। তবে কারা শেষ পর্যন্ত ‘পাস’ করলেন, সেই ফলাফলই আজ প্রকাশ্যে আসবে।

তবে তালিকা কীভাবে দেখা যাবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কমিশনের ওয়েবসাইটে তা আপলোড করা হবে, নাকি নির্দিষ্ট বুথে বুথে তালিকা টাঙানো হবে—এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে ভোটের আগে উদ্বেগ কাটেনি সাধারণ ভোটারদের একাংশের মধ্যে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.