দ্বিতীয় দফার বিধানসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট (পশ্চিম) কেন্দ্রে বড়সড় রাজনৈতিক পরিবর্তন ঘটল। কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার নিজেই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শনিবার তৃণমূল প্রার্থী শামিম আহমেদের হাত ধরে তিনি শাসক দলে নাম লেখান।
শুধু প্রার্থীই নন, তাঁর সঙ্গে কংগ্রেসের শতাধিক কর্মীও তৃণমূলে যোগ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের মুখে এমন দলবদল যে নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে, তা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আব্দুল মাজিদ হালদার জানান, কংগ্রেসের প্রার্থী হওয়া তাঁর ভুল ছিল। তিনি দাবি করেন, রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে কাজ করার লক্ষ্যেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।
এদিন তৃণমূল প্রার্থী শামিম আহমেদ দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তিনি বলেন, মগরাহাট পশ্চিমের মানুষ উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে মত দিচ্ছেন এবং তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করছেন।
উল্লেখ্য, আগামীকাল এই কেন্দ্রে নির্বাচনী প্রচারে আসার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার ঠিক আগেই এই দলবদল তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।