কলকাতা: অসুস্থ হয়ে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি এবং মিঠুন চক্রবর্তীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও বিজেপির প্রচারে একাধিক সভা ও রোড শোতে অংশ নিয়েছিলেন। প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়লেও কর্মসূচি চালিয়ে যান তিনি।
মুখ্যমন্ত্রী হওয়ার পর নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতেও গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে শুক্রবার সকালে চিনার পার্কের বাসভবন থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে যান তিনি। সেখানে কিছুক্ষণ মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতার কামনা জানান।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উনি বাংলার সম্পদ। এর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। এখন উনি ভালো আছেন।”
পরে শুভেন্দু অধিকারী তাঁর সমাজমাধ্যমের পাতায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেন।
হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে এবং অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। সবকিছু ঠিক থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।