প্রথম পাতা খবর নিউ ফরাক্কায় রেললাইনের নীচে ধস, শনিবারও বাতিল ১৫ ট্রেন! উত্তরবঙ্গে রেল পরিষেবা ব্যাহত

নিউ ফরাক্কায় রেললাইনের নীচে ধস, শনিবারও বাতিল ১৫ ট্রেন! উত্তরবঙ্গে রেল পরিষেবা ব্যাহত

8 views
A+A-
Reset

মালদহ: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের নীচের মাটি ধসে যাওয়ায় বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গগামী ও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গমুখী ট্রেন পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত। শুক্রবারের পর শনিবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। রেলের তরফে প্রায় ১৫টি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেন ঘুরপথে এবং নিয়ন্ত্রিত গতিতে চালানো হচ্ছে। কবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

রেলের বিবৃতি অনুযায়ী, ৩ সেপ্টেম্বর রাতে ফরাক্কা এলাকায় অবিরাম ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী রেলপথের বাঁধ বরাবর মাটি ধসে যায়। টানা বৃষ্টিতে আপ ও ডাউন লাইনের মধ্যবর্তী বাঁধ দিয়ে জল চুঁইয়ে ঢুকতে থাকে। আপ লাইনের পাশের একটি পুকুরের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। অতিরিক্ত জল ও মাটির ক্ষয়ের ফলে কাদামাটিতে ভরা জমি নরম হয়ে যায় এবং আপ লাইনের ট্র্যাক বসে যায়।

পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ৬টি পাইলিং রিগ এবং প্রায় ২০০ জন কর্মী মোতায়েন করা হয়। রাতভর কাজ চালানোর জন্য আরও ১০০ জন স্থানীয় কর্মী এবং হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ থেকে ১০০ জন কর্মীকে কাজে নামানো হয়েছে। রেললাইনের নীচের অংশ পাইলিং এবং পাথরের গুঁড়ো দিয়ে শক্ত করার কাজ চলছে।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ায় যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস না করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করাই রেলের লক্ষ্য।

রেলের দাবি, পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালানো, কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন এবং লোকোমোটিভ রিভার্সাল-এর মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

শনিবার বাতিল ১৫টি ট্রেন

  • নাহারলাগুন–সাঁতরাগাছি স্পেশ্যাল
  • গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
  • বামনহাটি–শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • আলিপুরদুয়ার–শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • হলদিবাড়ি–শিয়ালদহ দার্জিলিং মেল
  • বালুরঘাট–শিয়ালদহ এক্সপ্রেস
  • নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস
  • জলপাইগুড়ি রোড–শিয়ালদহ হমসফর এক্সপ্রেস
  • রাধিকাপুর–কলকাতা এক্সপ্রেস
  • জোগবনী–কলকাতা এক্সপ্রেস
  • কাটিহার–হাওড়া এক্সপ্রেস
  • রাধিকাপুর–হাওড়া কুলিক এক্সপ্রেস
  • বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস
  • নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • মালদহ টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • সহর্ষ–শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেস

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ দ্রুত গতিতে চলছে। তবে মাটি ধসের পরিস্থিতি এবং আবহাওয়ার কারণে সম্পূর্ণ পরিষেবা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.