প্রথম পাতা খবর এবার সরকারি স্লিপার ভলভো বাস! কলকাতা থেকে পুরী, শিলিগুড়ি-সহ একাধিক রুটে চলার পরিকল্পনা

এবার সরকারি স্লিপার ভলভো বাস! কলকাতা থেকে পুরী, শিলিগুড়ি-সহ একাধিক রুটে চলার পরিকল্পনা

12 views
A+A-
Reset

কলকাতা: দূরপাল্লার যাত্রীদের জন্য সুখবর। এবার রাজ্যের রাস্তায় নামতে চলেছে অত্যাধুনিক সরকারি এসি স্লিপার ভলভো বাস। বেসরকারি সংস্থার স্লিপার বাসের জনপ্রিয়তা ও চাহিদার কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। ইতিমধ্যেই চারটি ভলভো ৯৬০০ স্লিপার বাস এসে পৌঁছেছে। প্রাথমিকভাবে সেগুলি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) দূরপাল্লার রুটে চালানোর পরিকল্পনা রয়েছে। আগামী দিনে আরও কয়েকটি স্লিপার বাস আসার কথা।

শুধু স্লিপার বাস নয়, রাজ্যের পরিবহণ ব্যবস্থায় যুক্ত হতে চলেছে আরও বেশ কয়েকটি অত্যাধুনিক ভলভো সিটার বাস। সেগুলি রাখা হয়েছে কসবা বাস ডিপোয়। পরিবহণ দপ্তর সূত্রে খবর, যাত্রীদের আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই নতুন বাসগুলি তৈরি করা হয়েছে।

কোন কোন রুটে চলতে পারে স্লিপার বাস?

নতুন সরকারি স্লিপার বাসের রুট এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলোচনায় উঠে এসেছে কলকাতা-পুরী, কলকাতা-শিলিগুড়ি, দুর্গাপুর-টাটানগর, কলকাতা-বালুরঘাট এবং পুরুলিয়ার মতো রুট। প্রতিটি বাসে আনুমানিক ৪০ জন যাত্রী শুয়ে যাতায়াত করতে পারবেন। পরিবহণ দপ্তরের আধিকারিকদের দাবি, ভাড়াও সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।

গত কয়েক বছরে দূরপাল্লার রুটে বেসরকারি সংস্থার এসি স্লিপার বাসের জনপ্রিয়তা বেড়েছে। বিশেষ করে রাতের যাত্রায় উত্তরবঙ্গ বা পুরী যাওয়ার ক্ষেত্রে অনেকেই এই বাস বেছে নিচ্ছেন। ট্রেনের টিকিট না পেলে কিংবা কনফার্ম না হলে বিকল্প হিসেবে স্লিপার বাসের উপর নির্ভর করছেন যাত্রীরা।

তবে বেসরকারি স্লিপার বাসের ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে ট্রেনের থ্রি-এসি ভাড়ার তুলনায় বাসের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। উৎসবের মরশুমে বা শীতকালে কোনও কোনও টিকিটের দাম পাঁচ হাজার টাকা ছাড়িয়ে যায়। সরকারি স্লিপার বাস চালু হলে ভাড়ার ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা যাত্রীদের।

একেকটি স্লিপার বাসের দাম প্রায় ২ কোটি টাকা

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, একেকটি এসি স্লিপার ভলভো বাসের দাম প্রায় ২ কোটি টাকা। অন্য দিকে, সাধারণ ভলভো সিটার বাসের দাম প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (ডব্লিউবিটিসি) জন্য মোট ২৭টি নতুন ভলভো বাস আসার কথা। তার মধ্যে দু’টি ইতিমধ্যেই এসেছে। আগামী সোমবার আরও দু’টি বাস আসার কথা রয়েছে।

এসবিএসটিসির জন্য আসছে মোট ১০টি ভলভো বাস। এর মধ্যে চারটি স্লিপার বাস পৌঁছে গিয়েছে। বাকি ছ’টি হবে সিটার বাস।

নতুন বাসগুলিতে যাত্রীদের সুবিধার জন্য ব্যক্তিগত রিডিং লাইট এবং অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থাও থাকছে। গেরুয়া-সাদা রঙের বাসগুলির নকশায় বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। হাওড়া ব্রিজ থেকে দক্ষিণেশ্বর মন্দিরের মতো পরিচিত স্থানের ছবিও থাকছে বাসের ডিজাইনে।

বিনামূল্যে যাত্রার বুকিং নিয়ে চিন্তা

নতুন স্লিপার বাস চালুর আগে পরিবহণ দপ্তরের কর্তাদের ভাবাচ্ছে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাত্রার সুবিধা। দপ্তর সূত্রে দাবি, অনেক ক্ষেত্রে অনলাইনে বিনামূল্যে আসন বুক করার পরও যাত্রীরা বাসে ওঠেন না। ফলে আসন খালি থেকে যায়। দামি স্লিপার বাসের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এই সমস্যা এড়াতে নতুন কোনও নিয়ম চালু করা হবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

সরকারি স্লিপার বাস চালু হলে বেসরকারি বাসের অতিরিক্ত ভাড়ার উপরও কিছুটা নিয়ন্ত্রণ তৈরি হতে পারে বলে মনে করছেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা। এখন দেখার, কবে থেকে নতুন বাসগুলি নিয়মিত যাত্রী পরিষেবা শুরু করে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.