প্রথম পাতা খবর গাইঘাটায় ধর্ষণ-খুনের অভিযুক্তের এনকাউন্টার, তদন্তে নামল CID

গাইঘাটায় ধর্ষণ-খুনের অভিযুক্তের এনকাউন্টার, তদন্তে নামল CID

7 views
A+A-
Reset

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের এনকাউন্টারের ঘটনার তদন্তে নামল সিআইডি। ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সিআইডির প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোথায় গুলি চলেছিল এবং কী ভাবে অভিযুক্ত পালানোর চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গত ২৫ অক্টোবর গাইঘাটায় ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। আগের রাতে বাড়ির কাছেই একটি জলসা দেখতে গিয়েছিল সে। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরাও সেখানে উপস্থিত ছিলেন। পরিবারের দাবি, রাত সাড়ে ১১টা নাগাদ একটি ফোন আসার পর অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায় কিশোরী। তার পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে উদ্ধার হয় তার বিবস্ত্র ও ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধারের দিনই কিশোরীর দূর সম্পর্কের আত্মীয় প্রহ্লাদ দাসকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত ওই কিশোরীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। তাতে রাজি না হওয়ায় ভারী কোনও বস্তু দিয়ে তার মাথায় আঘাত করেন বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। পরে কিশোরীর উপর অত্যাচার চালিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে অভিযুক্ত এলাকা ছেড়ে পালান বলে পুলিশের দাবি।

পুলিশের দাবি, রিভলভার নিয়ে পালানোর চেষ্টা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৭ অক্টোবর রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল। সেই পর্ব শেষে ফেরার পথে পুলিশকর্মীদের উপর হামলা করেন বলে অভিযোগ প্রহ্লাদের বিরুদ্ধে। পুলিশের দাবি, এক সময়ে পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। সেই সময় তিন রাউন্ড গুলি চালান অভিযুক্ত। এতে এক পুলিশকর্মী জখম হন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। তবে ওই পুলিশকর্মীর গুলি লেগেছিল কি না, তা স্পষ্ট নয়। অভিযুক্তকে নিয়ে যাওয়ার পুলিশের গাড়িতে একটি গুলির দাগও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

পুলিশের দাবি, আত্মরক্ষার জন্য পাল্টা চার রাউন্ড গুলি চালানো হয়। এই গুলি চালানোর পরিস্থিতি, ঘটনাস্থলের অবস্থান এবং অভিযুক্তের পালানোর চেষ্টার বিষয়গুলি খতিয়ে দেখছে সিআইডি।

ঘটনার প্রকৃত পরিস্থিতি ও গুলি চালানোর ধারাবাহিকতা নির্ধারণে তদন্তকারীরা ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য ও অন্যান্য প্রমাণ পরীক্ষা করবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.