প্রথম পাতা খবর চুক্তিভিত্তিতে রাজ্যে প্রায় ২ হাজার চিকিৎসক নিয়োগ, বেসরকারি হাসপাতালের চাকরিও ছাড়তে হবে না

চুক্তিভিত্তিতে রাজ্যে প্রায় ২ হাজার চিকিৎসক নিয়োগ, বেসরকারি হাসপাতালের চাকরিও ছাড়তে হবে না

15 views
A+A-
Reset

কলকাতা: সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ রাজ্য স্বাস্থ্যদপ্তরের। রাজ্যজুড়ে প্রায় ২ হাজার চিকিৎসককে চুক্তিভিত্তিতে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। এই নিয়োগ হবে আঞ্চলিক ভিত্তিতে। অর্থাৎ, কলকাতার চিকিৎসকদের উত্তরবঙ্গে কিংবা উত্তরবঙ্গের চিকিৎসকদের কলকাতায় গিয়ে কাজ করতে হবে না।

নতুন ব্যবস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চিকিৎসকদের বেসরকারি হাসপাতালের চাকরি ছাড়তে হবে না। তাঁরা একই সঙ্গে সরকারি ও বেসরকারি—দুই জায়গাতেই কাজ করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যদপ্তরের দাবি, সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি দ্রুত মেটানোই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

কোন কোন হাসপাতালে নিয়োগ?

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু জেলার হাসপাতাল নয়, কলকাতার একাধিক সরকারি হাসপাতালেও চিকিৎসকের ঘাটতি রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বেহালার বিদ্যাসাগর হাসপাতাল এবং বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের কথা উল্লেখ করেছেন।

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজ, বিদ্যাসাগর হাসপাতাল, বিধাননগর মহকুমা হাসপাতাল, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল, বারাকপুরের বিএন বসু হাসপাতাল এবং নর্থ সাবারবান হাসপাতালে চিকিৎসকের ঘাটতি রয়েছে। এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক নিয়োগ করা হবে।

নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালই বিজ্ঞাপন দেবে। বেতন, কাজের দায়িত্ব এবং অন্যান্য শর্ত ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর। তবে চুক্তিভিত্তিক চিকিৎসক হিসেবে নিয়োগ পেতে হলে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

স্থায়ী নিয়োগও হবে, জানাল স্বাস্থ্যদপ্তর

চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি স্থায়ীভাবে চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেই নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির পরীক্ষার মাধ্যমে।

তবে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দেড় থেকে দু’বছর সময় লাগে। এই দীর্ঘ সময় পর্যন্ত সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি নিয়ে অপেক্ষা করা সম্ভব নয় বলেই মনে করছে স্বাস্থ্যদপ্তর। তাই আপাতত হাসপাতালভিত্তিক চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে চিকিৎসক সংগঠনের আপত্তি

তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে।

সংগঠনের চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পিএসসির মাধ্যমে স্থায়ী নিয়োগে দেড় থেকে দু’বছর সময় লাগলেও চুক্তিভিত্তিক নিয়োগ কোনও স্থায়ী সমাধান হতে পারে না। রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ স্থায়ীভাবে পূরণ করা প্রয়োজন বলে দাবি সংগঠনের।

দীর্ঘদিন ধরেই সরকারি হাসপাতালে স্থায়ীভাবে চিকিৎসক নিয়োগের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। ফলে এক দিকে চিকিৎসকের ঘাটতি দ্রুত মেটাতে চুক্তিভিত্তিক নিয়োগের পথে হাঁটছে স্বাস্থ্যদপ্তর, অন্য দিকে স্থায়ী নিয়োগের দাবিতে সরব চিকিৎসকদের একাংশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.