ট্রেনের কামরায় মোবাইলে উচ্চস্বরে কথা বলা, স্পিকারে গান বা ভিডিও চালানো কিংবা অন্য যাত্রীদের অসুবিধা করে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে এবার কড়া পদক্ষেপের মুখে পড়তে পারেন যাত্রীরা। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, এ ধরনের আচরণ উপদ্রবের পর্যায়ে পৌঁছলে রেল আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, মোবাইল ফোনে জোরে গান শোনা, ভিডিও দেখা কিংবা দীর্ঘক্ষণ উচ্চস্বরে কথা বলার কারণে সহযাত্রীদের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে রাতে দূরপাল্লার ট্রেনে অনেক যাত্রী ফোনে কথা বলতে থাকেন বা স্পিকারে ভিডিও চালান। এতে অন্য যাত্রীদের ঘুম ও বিশ্রামে বিঘ্ন ঘটে। এই ধরনের আচরণ বন্ধ করতে এবার যাত্রী সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের নির্দেশ দিয়েছে পূর্ব রেল।
কোন আচরণে ব্যবস্থা নেওয়া হতে পারে?
রেলের নির্দেশিকায় মোবাইলে উচ্চস্বরে দীর্ঘক্ষণ কথা বলা, স্পিকারে গান বা ভিডিও চালানো এবং অন্য যাত্রীদের অসুবিধা তৈরি করে এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। রেল আইনের ১৪৫ নম্বর ধারার উল্লেখ করে নির্দেশিকায় জানানো হয়েছে, এই ধরনের আচরণ উপদ্রব হিসেবে বিবেচিত হলে সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দফতর থেকে সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।
ট্রেন ও স্টেশনে প্রচার চালানোর নির্দেশ
যাত্রীদের সচেতন করতে স্টেশন ও ট্রেনের কামরায় নিয়মিত ঘোষণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও ঘোষণা করার কথা বলা হয়েছে।
এছাড়াও স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গা এবং ট্রেনের কামরায় সতর্কতামূলক নোটিস ও স্টিকার লাগানোর নির্দেশ রয়েছে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই ধরনের প্রচারের উপর জোর দিতে বলা হয়েছে।
যাত্রীদের মোবাইল ফোনে ইয়ারফোন ব্যবহার করতে, ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখতে এবং রিংটোনের আওয়াজ কমিয়ে রাখার পরামর্শ দেওয়া হবে।
কারা ব্যবস্থা নিতে পারবেন?
নির্দেশিকায় বলা হয়েছে, রেল আইনের আওতায় এই ধরনের ঘটনায় টিকিট পরীক্ষক এবং তাঁদের ঊর্ধ্বতন পদমর্যাদার উপযুক্ত বাণিজ্যিক কর্মীরা ব্যবস্থা নিতে পারবেন।
যাত্রী সচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্দেশিকা কার্যকর করে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই রিপোর্ট দ্রুত জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে। স্টেশনের নোটিস বোর্ডেও নিয়ম সংক্রান্ত তথ্য টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রেলের এই পদক্ষেপের উদ্দেশ্য, ট্রেনের কামরায় সকল যাত্রীর জন্য শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা।