প্রথম পাতা খবর ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ফসলের ক্ষতি, কৃষকদের তথ্য সংগ্রহে হেল্পলাইন চালু নবান্নের

ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ফসলের ক্ষতি, কৃষকদের তথ্য সংগ্রহে হেল্পলাইন চালু নবান্নের

12 views
A+A-
Reset

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। কোন জেলায় কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ফসল বেশি ক্ষতিগ্রস্ত এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা জানতে সমস্ত জেলাশাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ, ফসলের ধরন এবং কৃষকদের সম্ভাব্য আর্থিক ক্ষতির হিসাব দ্রুত সংগ্রহ করতে হবে। আবহাওয়ার উন্নতি হলে কৃষি দফতরের তরফে ক্ষয়ক্ষতির সমীক্ষাও শুরু করা হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানানোর জন্য ১৪৪৪৭ নম্বর হেল্পলাইন চালু করা হয়েছে। এই নম্বরে ফোন করে কৃষকরা তাঁদের ক্ষতির তথ্য জানাতে পারবেন। কৃষকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টির কারণে মাঠের ফসল বিপর্যস্ত। কোথাও জল জমে চাষের জমি ডুবে গিয়েছে, আবার কোথাও মাঠে থাকা পাকা ধান বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের আশঙ্কা, বৃষ্টির কারণে ধান পচে গেলে ফলন ও আয় দু’দিক থেকেই বড় ক্ষতির মুখে পড়তে হবে।

এই সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির চাষও শুরু হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন ও লঙ্কার চারা জমিতে রয়েছে। অতিরিক্ত জল ও মাটি ভিজে থাকার কারণে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এর প্রভাব পড়তে পারে শীতকালীন সবজির উৎপাদন ও বাজারদরেও।

কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে নবান্ন। সেই কারণেই জেলা প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহ ও রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে বিস্তারিত সমীক্ষা চালানো হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.