প্রথম পাতা খবর ‘ব্রেক দ্য রুল’ মন্ত্র মোদির, বিকশিত ভারত গড়তে আইআইটি পড়ুয়াদের নেতৃত্বের বার্তা

‘ব্রেক দ্য রুল’ মন্ত্র মোদির, বিকশিত ভারত গড়তে আইআইটি পড়ুয়াদের নেতৃত্বের বার্তা

17 views
A+A-
Reset

চিন্তার সীমাবদ্ধতা ভেঙে নতুন দিশা তৈরি করতে হবে। সাফল্যের জন্য প্রচলিত ধারণার বাইরে বেরিয়ে ভাবার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে পড়ুয়াদের উদ্দেশে তাঁর বার্তা, ‘ব্রেক দ্য রুল’। ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আগামী দুই দশক আইআইটি খড়গপুরের পড়ুয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সামনে কোনও বড় সমস্যা তৈরি হলে তার সমাধানের দায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকে। সেই ক্ষেত্রে আইআইটি খড়গপুরের পড়ুয়ারা নেতৃত্বদানের ভূমিকা পালন করতে পারেন। দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার বা ‘নেশন ফার্স্ট’ ভাবনাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি।

আইআইটি খড়গপুরের ৭৫ বছরের যাত্রার প্রসঙ্গ তুলে মোদি বলেন, গত সাত দশকে ভারত গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে পৌঁছেছে। এই দীর্ঘ পরিবর্তনের সাক্ষী থেকেছে আইআইটিও। দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে এই প্রতিষ্ঠানের অবদান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে আইআইটি খড়গপুর বড় ভূমিকা নিতে পারে।

প্রধানমন্ত্রীর কথায়, নিজেদের চিন্তাভাবনার সীমা অনেক সময় মানুষ নিজেই তৈরি করে নেয়। সেই সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে আসতে পারলেই নতুন সম্ভাবনার দরজা খুলবে। গত কয়েক বছরে ভারত একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্য অর্জন করেছে। এখন দেশ চিপ রফতানি করছে। গত চার বছরে সেমিকন্ডাক্টর ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খড়গপুরের মঞ্চ থেকে দেশের দারিদ্র দূরীকরণ নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। নাম না করে অতীতের ‘গরিবি হটাও’ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, আগে দারিদ্র দূর করার ঘোষণা করা হলেও সেই লক্ষ্যে কার্যকর নীতি ও পদক্ষেপের অভাব ছিল। তাঁর দাবি, গত ১২ বছরে সরকার দরিদ্র মানুষের ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। ৫০ কোটিরও বেশি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন বলেও দাবি করেন মোদি।

প্রধানমন্ত্রীর বক্তব্য, আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার পথে ভারতের অগ্রযাত্রাই বিকশিত দেশের ভিত্তি তৈরি করছে। এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে প্রযুক্তি, উদ্ভাবন এবং নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে তরুণদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.