প্রথম পাতা খবর ফ্ল্যাটের সঙ্গে পার্কিংয়ের অধিকার নয়, স্পষ্ট উল্লেখ থাকতে হবে ডিডে: হাইকোর্ট

ফ্ল্যাটের সঙ্গে পার্কিংয়ের অধিকার নয়, স্পষ্ট উল্লেখ থাকতে হবে ডিডে: হাইকোর্ট

9 views
A+A-
Reset

ফ্ল্যাট কিনলেই তার সঙ্গে গাড়ি পার্কিংয়ের জায়গার অধিকার পাওয়া যায় না। বিক্রয় দলিলে (ডিড) পার্কিংয়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকলে শুধুমাত্র ফ্ল্যাটের মালিকানা দেখিয়ে পৃথক পার্কিংয়ের দাবি করা যাবে না। এক মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিচারপতি পার্থসারথি সেন সংশ্লিষ্ট মামলাটি খারিজ করে দিয়েছেন।

মামলার আবেদনকারী শ্রাবণ কুমার আগরওয়াল গল্ফ গ্রিন আর্বান কমপ্লেক্সের ‘৩এ’ নম্বর ফ্ল্যাটটি জয়ন্ত কুমার বসু ও অনিতা বসুর কাছ থেকে কিনেছিলেন। ১৯৯৩ সালের ৩০ মার্চ রেজিস্টার্ড বিক্রয় দলিলের মাধ্যমে ওই ফ্ল্যাটের মালিকানা তাঁর হাতে আসে। ওই দিনই পূর্বতন মালিকরা একটি পৃথক চিঠিতে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ হাউজিং বোর্ডের কাছ থেকে পার্কিংয়ের জায়গা বরাদ্দ পেলে সেটি শ্রাবণকে হস্তান্তর করা হবে।

এই চিঠির ভিত্তিতেই পার্কিংয়ের অধিকার দাবি করে আদালতের দ্বারস্থ হন আবেদনকারী। তাঁর আইনজীবী সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ৮ নম্বর ধারার উল্লেখ করে যুক্তি দেন, ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের সঙ্গে পূর্বতন মালিকদের সংশ্লিষ্ট অধিকারও বর্তমান মালিকের কাছে চলে আসে। পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় মূল্য, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি দিতে আবেদনকারী প্রস্তুত বলেও আদালতে জানানো হয়।

অন্যদিকে, হাউজিং বোর্ডের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, ১৯৯৩ সালের রেজিস্টার্ড বিক্রয় দলিলে গাড়ি পার্কিংয়ের কোনও উল্লেখ ছিল না। তাই শুধুমাত্র ফ্ল্যাট কেনার ভিত্তিতে পৃথক পার্কিংয়ের অধিকার দাবি করা যায় না।

দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি পার্থসারথি সেন জানান, আবেদনকারী প্রমাণ করতে পারেননি যে সংশ্লিষ্ট পার্কিংয়ের জায়গাটি ফ্ল্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিল অথবা রেজিস্টার্ড বিক্রয় দলিলের মাধ্যমে তাঁকে সেই অধিকার হস্তান্তর করা হয়েছিল। ফলে পার্কিংয়ের অধিকার সংক্রান্ত তাঁর দাবি গ্রহণ করা হয়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.