বিচারকদের ই-সই না থাকলেও বিবেচনাধীন ভোটারদের নাম সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা যাবে বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন জানিয়েছে, কোনও ভোটারের বিষয়ে বিচার বিভাগীয় আধিকারিক সিদ্ধান্ত নিয়ে থাকলেও সেই সিদ্ধান্তে এখনও ই-সই না হলে শুধু সেই কারণে ভোটারের নাম বিবেচনাধীন অবস্থায় আটকে রাখার প্রয়োজন নেই। বিচারকের লিখিত সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকায় প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন ইআরও-রা।
খসড়া ভোটার তালিকায় অনেক ভোটারের নামের পাশে ‘বিবেচনাধীন’ লেখা রয়েছে। কিছু ক্ষেত্রে বিচারক সিদ্ধান্ত নিয়ে ফেললেও ই-সই না হওয়ার কারণে সেই নামগুলি এখনও বিবেচনাধীন দেখানো হচ্ছে। কমিশনের নির্দেশ, এমন ক্ষেত্রে বিচারকের লিখিত নির্দেশকে সিদ্ধান্ত হিসেবে ধরে ইআরও-র কাছে পাঠাতে হবে। ইআরও সেই নির্দেশ অনুযায়ী ভোটার তালিকায় প্রয়োজনীয় সংশোধন করবেন।
বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ ইআরও-দের
যে সব ক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকরা এখনও কোনও সিদ্ধান্ত নেননি, সেগুলিও ইআরও-দের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন ইআরও-রা।
অর্থাৎ, শুধুমাত্র ই-সই না হওয়ার কারণে ভোটারদের নাম সংক্রান্ত সিদ্ধান্ত আটকে রাখা যাবে না। বিচারকের লিখিত সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েই পরবর্তী পদক্ষেপ করতে হবে বলে স্পষ্ট করেছে কমিশন।
নাম বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে কী নির্দেশ?
বিচারকেরা কোনও ভোটারের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ভোটার আপিল করেছেন, এমন ক্ষেত্রে ট্রাইবুনালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নতুন করে ফর্ম-৬ গ্রহণ করা যাবে না।
ট্রাইবুনাল যদি নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে, তবে সেই সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলে জানিয়েছে কমিশন।
বুথ পুনর্বিন্যাসে অনুমতি কমিশনের
এদিকে, রাজ্যে বুথ পুনর্বিন্যাসের জন্য কমিশনের কাছে অনুমতি চেয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শুক্রবার সেই অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, যে সব এলাকায় বুথের স্থান পরিবর্তন করা হবে, সেখানকার রাজনৈতিক দলগুলিকে বিষয়টি জানাতে হবে। পাশাপাশি নতুন বুথের ঠিকানা সম্পর্কে ভোটারদের মধ্যেও প্রচার করতে হবে, যাতে বুথ পরিবর্তন নিয়ে কোনও বিভ্রান্তি না থাকে।