প্রথম পাতা খবর ঋতব্রতর নিয়োগ খারিজ, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে ১০ দিনের সময় দিল হাই কোর্ট

ঋতব্রতর নিয়োগ খারিজ, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে ১০ দিনের সময় দিল হাই কোর্ট

11 views
A+A-
Reset

বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। গত ৩ জুন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিয়েছিলেন। শুক্রবার সেই সিদ্ধান্ত বাতিল করল আদালত।

শুক্রবার দুপুর ৩টেয় রায় ঘোষণা করেন বিচারপতি কৃষ্ণ রাও। এই মামলাটি এর আগে ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছিল। গত শনিবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি রাও।

বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিতর্ক

বিধানসভা নির্বাচনে তৃণমূল ৮০টি আসনে জয় পেয়েছে। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন। সেই সিদ্ধান্ত জানিয়ে গত ৯ মে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। অভিযোগ, ওই চিঠির ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপ করেননি।

এর পর ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল। তার পর ৩ জুন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে আর একটি চিঠি দেন। সেই চিঠির ভিত্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার।

স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেন তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আদালতের

গত ১৬ নভেম্বর শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাই কোর্ট। বিরোধী দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সংবিধান এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে বৈঠকের রেজ়োলিউশন চাওয়ার প্রয়োজনীয়তা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি রাও।

সেই শুনানিতে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, ৭৮ জন বিধায়কের দাবি উপেক্ষা করে কেন ৫৪ বা ৫৬ জন বিধায়কের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হল? বিরোধী পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না কি? রাজনৈতিক দলের সংবিধান ও সিদ্ধান্ত কি স্পিকার এড়িয়ে যেতে পারেন?

রাজ্যের আইনজীবী সূর্যনীল দাস স্পিকারের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে চাইলে বিচারপতি প্রশ্ন করেন, “এখন কি আপনারা ঘাটতি পূরণের উপায় খুঁজছেন?” পরে স্পিকারের হয়ে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য ঘটনাক্রম ব্যাখ্যা করেন।

রাজ্যের বক্তব্য ছিল, ১৫ মে স্পিকার দায়িত্ব গ্রহণ করেন। তার আগে স্পিকার নিযুক্ত না হওয়ায় সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। স্পিকারকে পাশ কাটিয়ে বিরোধী দলনেতা নির্বাচন করা যায় না। ১৯ থেকে ২৪ মে কলকাতার বাইরে ছিলেন স্পিকার। ১৯ মে তৃণমূলের তরফে ৬ মে-র স্বাক্ষরিত একটি রেজ়োলিউশন পাঠানো হয়। পরে বিরোধীপক্ষের অভিযোগ পান স্পিকার এবং তার পর এফআইআর দায়ের হয়। তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি।

ডিভিশন বেঞ্চের আগের পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ

গত ১৮ অগস্ট এই মামলায় রায় দিয়েছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়ে বলা হয়েছিল, বিধানসভার স্পিকার কোনও রাজনৈতিক দলের সদস্য হলেও দায়িত্ব পালনের সময় তাঁকে নিরপেক্ষ ও পক্ষপাতহীন থাকতে হবে। রাজনৈতিক পরিচয় তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না।

একই সঙ্গে আদালত জানিয়েছিল, বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বিধায়কদের সংখ্যার দিকে তাকালেই হবে না। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তও বিবেচনা করতে হবে।

শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ে স্পিকারের ৩ জুনের সিদ্ধান্ত খারিজ হওয়ায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিধানসভায় নতুন করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.