প্রথম পাতা খবর মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, তবুও চিকিৎসকদের মিছিল এগিয়ে নিয়ে গেল প্রশাসন! থানায় অভিযোগ, আধ ঘণ্টায় প্রক্রিয়া শেষ

মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, তবুও চিকিৎসকদের মিছিল এগিয়ে নিয়ে গেল প্রশাসন! থানায় অভিযোগ, আধ ঘণ্টায় প্রক্রিয়া শেষ

3 views
A+A-
Reset

মিছিলের আগের রাতে ইমেল করে অনুমতি না দেওয়ার কথা জানিয়েছিল পুলিশ। অথচ বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল শুরু হতেই বদলে গেল পরিস্থিতি। মিছিল আটকানো তো দূরের কথা, বরং পুলিশই দায়িত্ব নিয়ে মিছিল এগিয়ে নিয়ে গেল বৌবাজার থানা পর্যন্ত। এমনকি ‘হেনস্থা’র অভিযোগে তলব করা ইন্টার্ন চিকিৎসকদের থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়নি। মাত্র আধ ঘণ্টার মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ হয়। এর পর থানায় গিয়ে ১৭ নভেম্বরের হামলার ঘটনায় অভিযোগ দায়ের করেন মেডিক্যাল কলেজ স্টুডেন্টস কাউন্সিল, ডব্লিউবিজেডএফ-সহ অন্যান্য সিনিয়র চিকিৎসক সংগঠনগুলি।

পুলিশের এই আচরণ ঘিরেই চিকিৎসকমহলে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। আন্দোলনকারীদের দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এবং জনসমর্থনের চাপে প্রশাসনের অবস্থান বদলেছে। আন্দোলনকে আরও বড় আকার দিতে না চেয়ে পুলিশ ও প্রশাসন এমন কৌশল নিয়েছে বলেও অভিযোগ তাঁদের।

চিকিৎসকদের একাংশের অভিযোগ, মিছিলের আগের দিন রাত ১০টা ১৯ মিনিটে বৌবাজার থানার তরফে ইমেল করে জানানো হয়েছিল, মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর থেকে মিছিল শুরু হওয়ার পর দেখা যায়, পুলিশ কোনওরকম বাধা দিচ্ছে না। বরং মিছিলের সঙ্গে থেকে পথ করে দিচ্ছে।

আন্দোলনকারীদের অভিজ্ঞতা অনুযায়ী, অতীতে বিভিন্ন আন্দোলনের সময় থানায় তলব করা হলে চিকিৎসকদের ছয়, আট কিংবা দশ ঘণ্টা পর্যন্ত বসিয়ে রাখা হত। থানার বাইরে দীর্ঘ অবস্থান ও বিক্ষোভও চলত। কিন্তু এবারের পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা।

এক চিকিৎসকের বক্তব্য, আগে তলব করা হলে ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখা হত। এবার মাত্র আধ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ায় প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর দাবি, সরকার বুঝতে পারছে, এই আন্দোলন আরও তীব্র হলে পরিস্থিতি কী হতে পারে। সেই কারণেই প্রশাসনের আচরণে পরিবর্তন এসেছে।

১৭ নভেম্বরের হামলার ঘটনায় অভিযোগ দায়ের করার পাশাপাশি পুলিশের এই ভূমিকা নিয়েও চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে। আন্দোলনকারীদের একাংশের মতে, জনসমর্থনের চাপে প্রশাসন সংঘাত এড়ানোর পথ বেছে নিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.