প্রথম পাতা খবর অগ্নিনিরাপত্তায় গাফিলতির অভিযোগ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে, নোটিশ দমকলের

অগ্নিনিরাপত্তায় গাফিলতির অভিযোগ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে, নোটিশ দমকলের

11 views
A+A-
Reset

অগ্নিনিরাপত্তা নিয়ে অস্বস্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস যে ভবনে, সেখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় একাধিক গাফিলতির অভিযোগ উঠেছে। সোমবার দমকলের ফায়ার অডিটের পর ভবনের মালিককে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আপাতত ভবনের ৭ এবং ৮ তলা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে দমকল সূত্রে খবর।

দমকলের দাবি, সংশ্লিষ্ট ভবনের Fire Safety Certificate-এর মেয়াদ গত ১০ অগস্ট শেষ হয়ে গিয়েছে। বৈধ সার্টিফিকেট ছাড়াই ভবনটি ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। ফায়ার অডিটে অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় আরও বেশ কিছু সমস্যা নজরে এসেছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

নকশা না মেনে কাঠামো, অনুমোদনহীন LPG সিলিন্ডার

দমকলের পরিদর্শনে অভিযোগ, অনুমোদিত নকশা অনুযায়ী ড্রাইভওয়ের জন্য নির্ধারিত জায়গায় একটি কাঠামো তৈরি করা হয়েছে। ৭ তলার কিচেন ও ক্যাফেটেরিয়া এলাকাতেও একাধিক LPG সিলিন্ডার পাওয়া গিয়েছে বলে অভিযোগ, যেগুলি অনুমোদিত নকশায় থাকার কথা ছিল না।

এছাড়াও ৭ তলায় আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জল মজুত ছিল না বলে দমকলের তরফে জানানো হয়েছে। অফিস থেকে বেরোনোর জন্য একটি মাত্র পথ থাকায় আগুন বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে সমস্যা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

কাজ করছিল না Fire Alarm ও Detection System

দমকলের অভিযোগের তালিকায় রয়েছে Fire Alarm এবং Detection System-ও। ৭ এবং ৮ তলায় থাকা ওই ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল না বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে আগুন লাগলে বড় ধরনের বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা দমকলের।

এই পরিস্থিতিতে ভবনের মালিককে ৪৮ ঘণ্টার মধ্যে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দমকলের নোটিশে জানানো হয়েছে, ব্যাখ্যা সন্তোষজনক না হলে ৭ এবং ৮ তলা খালি করে সিল করে দেওয়ার মতো পদক্ষেপ করা হতে পারে।

থানায় হাজিরা অভিষেকের

অন্যদিকে, এদিন দুপুর ১২টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে পৌঁছন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় পাঁচটা ৪৫ মিনিট নাগাদ তিনি থানা থেকে বেরিয়ে আসেন।

অভিযোগ, অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুরকর্মী ও পুলিশকর্মীদের সরকারি কাজে বাধা দেওয়া এবং তাঁদের হেনস্থা করা হয়েছিল। সেই মামলাতেই তাঁকে থানায় তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে।

থানা থেকে বেরিয়ে গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেন অভিষেক। তাঁর অভিযোগ, “রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। ফায়ার অডিটের নামে হ্যারাসমেন্ট করা হয়েছে।” পাশাপাশি তারাপীঠের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপি সরকারকেও নিশানা করেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.