কলকাতা: মহালয়ার ভোরে তাঁর কণ্ঠে চণ্ডীপাঠ না শুনলে যেন বাঙালির দুর্গাপুজোই শুরু হয় না। সেই প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে তাঁর স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি প্রস্তাব দিয়েছেন, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে ‘বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র’ রাখা হোক।
মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন উপলক্ষে শ্যামবাজারের ৩০ বি, রামধন মিত্র লেন-এ তাঁর বাসভবনে যান অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন বীরেন্দ্রকৃষ্ণের পুত্রবধূ সুস্মিতা ভদ্র।
এদিন সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী জানান, শুধু মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাবই নয়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক বাসভবনটিকেও হেরিটেজ ভবন হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, বাংলার শিল্প-সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ব্যক্তিত্বদের যথাযোগ্য সম্মান জানানো সরকারের দায়িত্ব। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিনের দাবি
শ্যামবাজার সংলগ্ন রামধন মিত্র লেনের এই বাড়িতেই দীর্ঘদিন বসবাস করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বর্তমানে বাড়িটির অবস্থা জীর্ণ। বহুদিন ধরেই সংস্কৃতি মহলের একাংশের দাবি ছিল, বাড়িটিকে সংরক্ষণ করে ঐতিহ্যবাহী স্থাপনার মর্যাদা দেওয়া হোক।
রাজ্যে সরকার পরিবর্তনের পর শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করছে প্রশাসন। সেই ধারাবাহিকতায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন এই প্রস্তাবও সামনে আনলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী।
অগ্নিমিত্রা পালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত পরিবারের সদস্য ও সংস্কৃতিপ্রেমীরা।