কলকাতা: তারাতলার বেআইনি নির্মাণের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিল্ডিং নির্মাণে কড়া নিয়ম আনছে রাজ্য সরকার। ভবিষ্যতে থার্ড পার্টি বা নিরপেক্ষ বিশেষজ্ঞ সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া কোনও বিল্ডিং প্ল্যানের অনুমোদন মিলবে না। সোমবার এই ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মন্ত্রী জানান, নির্মীয়মাণ ভবনের বিভিন্ন পর্যায়ে ওই বিশেষজ্ঞ সংস্থা নজরদারি চালাবে। তাদের ছাড়পত্র ছাড়া নির্মাণকাজ এগোবে না। এই সংস্থার নিয়োগ এবং যাবতীয় খরচ বহন করবেন সংশ্লিষ্ট বিল্ডিং বা আবাসন নির্মাতারাই।
অগ্নিমিত্রা পালের দাবি, অতীতে পর্যাপ্ত নজরদারির অভাবেই বেআইনি নির্মাণের ঘটনা ঘটেছে। তাই এবার নির্মাণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে থার্ড পার্টি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, “আপনি ফাউন্ডেশন করেছেন দু’তলা বিল্ডিংয়ের। কিন্তু পরে সেটিকে পাঁচতলা করে দিলেন, তা চলতে পারে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে।”
৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নির্মিত ভবনও খতিয়ে দেখা হবে
মন্ত্রী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নির্মিত কোনও ভবন নিয়ে অভিযোগ এলে সরকার তা তদন্ত করবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হবে।
কমার্শিয়াল ভবনে পার্কিং লট বাধ্যতামূলক
অগ্নিমিত্রা পাল আরও জানান, ভবিষ্যতে সব বাণিজ্যিক (কমার্শিয়াল) ভবনে পার্কিং লট বাধ্যতামূলক করা হচ্ছে। ফায়ার ক্লিয়ারেন্স যেমন বাধ্যতামূলক, তেমনই পার্কিংয়ের ব্যবস্থা না থাকলে বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হবে না এবং নির্মাণকাজও এগোতে পারবে না।
তিনি বলেন, শহরে বেআইনি পার্কিংয়ের সমস্যা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবৈধ নির্মাণ, পার্কিং এবং ভবন নির্মাণে অনিয়ম রুখতে আগামী দিনে আরও কড়া নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী।