প্রথম পাতা খবর ভোট মিটতেই বাড়ল অটোর এলপিজির দাম!আবার কি বাড়বে ভাড়া?

ভোট মিটতেই বাড়ল অটোর এলপিজির দাম!আবার কি বাড়বে ভাড়া?

7 views
A+A-
Reset

নতুন মাসের শুরুতেই ফের জ্বালানির দামে বড়সড় ধাক্কা খেল সাধারণ মানুষ। অটোর এলপিজির দাম একলাফে লিটারপিছু ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে দাঁড়াল ৮৯ টাকা ৪০ পয়সায়। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় অটো ভাড়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বাড়তি খরচের চাপ পড়েছে মধ্যবিত্তের পকেটে।

জানা যাচ্ছে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই জ্বালানির দামে এই লাগাতার বৃদ্ধি। পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতির পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। যুদ্ধের আগে যেখানে অটো এলপিজির দাম ছিল প্রায় ৫২ টাকা প্রতি লিটার, সেখানে গত কয়েক মাসে ধাপে ধাপে তা বেড়ে প্রায় ৯০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে।

গত মার্চ মাস থেকেই শুরু হয় এই মূল্যবৃদ্ধির ধারা। ১১ মার্চ প্রথম ৫ টাকা বৃদ্ধি পায়, এরপর ৩১ মার্চ এবং ১ এপ্রিল আরও বড়সড় বাড়তি চাপ পড়ে। প্রতিটি ধাপে দাম বাড়তে বাড়তে এখন তা প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। ফলে অটোচালকদের খরচ বেড়েছে অনেকটাই, যা সরাসরি প্রভাব ফেলছে যাত্রী ভাড়ায়।

কলকাতার বেহালা-রাসবিহারী রুটের এক অটোচালক জানিয়েছেন, সম্প্রতি ভাড়া ২৫ টাকা থেকে ৩০ টাকায় বাড়ানো হয়েছে। কিন্তু নতুন করে আবার ভাড়া বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে। চালকদের একাংশের মতে, বারবার ভাড়া বাড়ালে যাত্রী সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।

অন্যদিকে, শুধু অটোর গ্যাসই নয়, বাণিজ্যিক গ্যাসের দামেও বড় বৃদ্ধি হয়েছে। ১৯ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে এক ধাক্কায় ৯৯৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত গৃহস্থালির ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি, যা কিছুটা স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.