প্রথম পাতা খবর বারুইপুরে ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নির্দোষ ইন্দ্রজিতের দাদার হাতে চাকরির নিয়োগপত্র

বারুইপুরে ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নির্দোষ ইন্দ্রজিতের দাদার হাতে চাকরির নিয়োগপত্র

21 views
A+A-
Reset

বারুইপুর: নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও থমথমে বারুইপুর। সেই আবহেই শনিবার দ্বিতীয়বারের জন্য বারুইপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি এলাকায় পৌঁছে প্রথমেই নিহত নাবালিকার বাড়িতে যান। সেখানে প্রায় দশ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

এরপর মুখ্যমন্ত্রী যান গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিশ্রুতি অনুযায়ী ইন্দ্রজিতের দাদা বাপির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। ঘটনার পর নির্দোষ ইন্দ্রজিতের মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতিই এদিন বাস্তবায়িত হল।

এদিন সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত এই পুলিশ আউটপোস্টে ২ জন সাব-ইনস্পেক্টর (এসআই), ৪ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই), ৪ জন মহিলা পুলিশ-সহ মোট ২০ জন কর্মী মোতায়েন থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকায় পুলিশের নজরদারি বাড়াতেই এই উদ্যোগ বলে প্রশাসনের দাবি।

উল্লেখ্য, গত ৪ জুলাই বারুইপুরের এক নাবালিকা নিখোঁজ হয়। পরদিন সকালে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে বলে দাবি পুলিশের।

ঘটনার পর উত্তেজিত জনতা সন্দেহের বশে এক যুবক, ইন্দ্রজিতকে গণপিটুনি দেয়। পরে তাঁর মৃত্যু হয়। গত মঙ্গলবার বারুইপুর সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ইন্দ্রজিত সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে ওই গণপিটুনির ঘটনায় সাম্প্রদায়িক উসকানির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণপিটুনির ঘটনায় এখনও পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.