প্রথম পাতা খবর নাগরিকত্বের পর অভিবাসন বিধিতেও বড় বদল কেন্দ্রের, কড়া নিয়মে আটকানো হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের

নাগরিকত্বের পর অভিবাসন বিধিতেও বড় বদল কেন্দ্রের, কড়া নিয়মে আটকানো হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের

22 views
A+A-
Reset

ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্কের জের চলছে। তার মধ্যেই এবার অভিবাসন সংক্রান্ত বিধিতেও বড়সড় বদল আনল কেন্দ্র সরকার। এক নতুন বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে আসা কোনো বিদেশি নাগরিক যদি মেয়াদ শেষের পরও এ দেশে থাকতে চান, তাহলে তাঁকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন করাতে হবে।

আগের নিয়ম ছিল, ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরেও আরও ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করানো যেত। কিন্তু এবার সেই সুযোগ বাতিল করে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও অবৈধ অভিবাসীদের ঠেকানোর জন্যই মূলত উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক যদি ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসেন এবং তিনি ১৮০ দিনের বেশি সময় এ দেশে থাকার পরিকল্পনা করেন, তাহলে তাঁকে ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই যে কোনো সময়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। আর কেন্দ্র সরকার জানিয়েছে, এই ধরনের আবেদনে অনুমোদন দেওয়া হবে কেবল জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে। অর্থাৎ, সাধারণ ক্ষেত্রে আর বাড়তি সময়ে থাকার সুযোগ মিলবে না।

তবে সংশোধিত নিয়মে কিছুটা স্বস্তি মিলেছে সেই সব পরিবারে, যেখানে বাবা-মায়ের মধ্যে একজন বিদেশি নাগরিক। আগে নিয়ম ছিল, ভারতে কোনো শিশুর জন্ম হলে বাবা-মাকে ৩০ দিনের মধ্যে অনলাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন অফিসারকে জানাতে বাধ্য করা হতো। তা না করলে শিশুর জন্য নতুন ভিসা বা ভারত ছাড়ার অনুমতি পাওয়া যেত না। কিন্তু নতুন নিয়মে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এখন যদি শিশুর বাবা-মায়ের মধ্যে এক জন ভারতীয় নাগরিক হন এবং তাঁরা চান যে সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় থাকুক, তাহলে আর ৩০ দিনের মধ্যে সেই তথ্য জানাতে হবে না। তবে সতর্কতাও জুড়ে দিয়েছে কেন্দ্র। যদি সেই শিশু ভারতেই থাকাকালীন অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে নাগরিকত্ব পাওয়ার ৩০ দিনের মধ্যে বাবা-মাকে অবশ্যই রেজিস্ট্রেশন অফিসারকে বিষয়টি জানাতে হবে। সূত্রের খবর, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.