প্রথম পাতা খবর লুঙ্গি পরে ভোটে বাধা! গাইঘাটার বৃদ্ধের বাড়িতে মিষ্টি-লুঙ্গি নিয়ে পৌঁছল তৃণমূল

লুঙ্গি পরে ভোটে বাধা! গাইঘাটার বৃদ্ধের বাড়িতে মিষ্টি-লুঙ্গি নিয়ে পৌঁছল তৃণমূল

7 views
A+A-
Reset

দ্বিতীয় দফার ভোটের দিন এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা এলাকা। অভিযোগ, লুঙ্গি পরে ভোট দিতে গেলে বুথে ঢুকতে দেওয়া হয়নি এক বৃদ্ধ ভোটারকে। পরে পোশাক বদলে আবার লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেড়গুম ১ পঞ্চায়েতের কুঁচলিয়া এলাকার ১৮৯ নম্বর বুথের বাসিন্দা গণেশ মজুমদার ভোটের দিন লুঙ্গি পরে বুথে যান। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বুথে ঢুকতে বাধা দেন এবং বলেন, “লুঙ্গি পরে ঢোকা যাবে না।” বাধ্য হয়ে বাড়ি ফিরে পাজামা পরে আবার ভোট দিতে যান তিনি।

ঘটনা প্রসঙ্গে গণেশবাবু জানান, গ্রামে থাকায় তিনি লুঙ্গি পরতেই অভ্যস্ত। আগে কখনও এমন সমস্যার মুখে পড়তে হয়নি। পরিবারের সদস্যদের কথায়, কোনও নিয়ম থাকলে তা মানা উচিত, কিন্তু এমন নিয়ম আগে কখনও শোনা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়ায় এলাকায়।

এদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতদুষ্ট আচরণ করছে। ভোট শেষ হওয়ার পর স্থানীয় তৃণমূল কর্মীরা গণেশ মজুমদারের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। তাঁকে নতুন লুঙ্গি ও মিষ্টি উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। ভোটের সময় এমন আচরণ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এখন দেখার, এই ঘটনায় নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নেয় কি না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.