প্রথম পাতা খবর মোরিয়া আবাসনের পুজো উদ্বোধনে অভিনেত্রী ইশা সাহা

মোরিয়া আবাসনের পুজো উদ্বোধনে অভিনেত্রী ইশা সাহা

19 views
A+A-
Reset

সঙ্গীতা চৌধুরী, কলকাতা: শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের আবহে ষষ্ঠীর দিন দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন মোরিয়া আবাসনের দুর্গাপুজোর উদ্বোধন করলেন অভিনেত্রী ইশা সাহা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর সূচনা করেন তিনি। উদ্বোধনের পর আবাসনের বাসিন্দাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন এবং সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান।

মোরিয়া আবাসনের এই পুজো এ বছর তৃতীয় বর্ষে পা দিল। আবাসিকদের আশা, এ বারের উৎসবের আয়োজন আগের বছরগুলিকেও ছাপিয়ে যাবে। পুজোর কয়েক দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আবাসিকদের অংশগ্রহণে থাকছে অভিনব ফ্যাশন শো। পাশাপাশি, নবমীর দিন আয়োজিত হবে গরবা অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কেনাকাটা, সবই এক ছাদের নীচে

পুজোকে ঘিরে আবাসন চত্বরে তৈরি হয়েছে উৎসবের বিশেষ পরিবেশ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুজোমণ্ডপের পাশে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন পসরা নিয়ে একাধিক স্টল। ফলে পুজো দেখতে আসার পাশাপাশি কেনাকাটার সুযোগও থাকছে দর্শনার্থীদের জন্য।

আবাসনের বাসিন্দাদের অংশগ্রহণেই উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর দিনগুলিকে আনন্দময় করে তুলতে উদ্যোগী হয়েছেন উদ্যোক্তারা।

সপ্তমী থেকে একসঙ্গে পাত পেড়ে প্রসাদ

বাঙালির উৎসবে খাওয়াদাওয়া থাকবে না, তা কি হয়! মোরিয়া আবাসনের পুজোতেও থাকছে বিশেষ প্রসাদের ব্যবস্থা। সপ্তমী থেকে প্রতিদিন আবাসিকদের একসঙ্গে বসে পাত পেড়ে প্রসাদ খাওয়ানোর আয়োজন করা হয়েছে। কোনও দিন মেনুতে থাকছে লুচি, কোনও দিন খিচুড়ি, আবার কোনও দিন ফ্রায়েড রাইস।

এই আয়োজনকে কেন্দ্র করে আবাসনের বাঙালি ও অবাঙালি বাসিন্দারা একসঙ্গে উৎসবের আনন্দে শামিল হচ্ছেন। পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, গরবা এবং একসঙ্গে খাওয়াদাওয়ার মধ্য দিয়ে মোরিয়া আবাসনের দুর্গোৎসব হয়ে উঠেছে মিলনমেলার এক বিশেষ উপলক্ষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.