শনিবার ভোররাতেই মুর্শিদাবাদের জঙ্গিপুরে স্ট্রংরুম ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, সেখানে দফায় দফায় সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান সাগরদিঘির বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস।
জঙ্গিপুর পলিটেকনিক কলেজে থাকা স্ট্রংরুমে গিয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বায়রনের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এর যথাযথ ব্যাখ্যা দরকার। তিনি দ্রুত বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান।
ঘটনাস্থলে উপস্থিত রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের বচসা শুরু হয়। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ট্রংরুমে ভোটের ইভিএম সংরক্ষিত রয়েছে, তাই নিরাপত্তা ব্যবস্থার কোনও গাফিলতি নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচন পর্বের মধ্যে এই ঘটনা সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বাড়লেও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।