প্রথম পাতা খবর নেপালে দুর্যোগের জেরে আটকে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, ঘুরপথে ফিরবেন কলকাতায়

নেপালে দুর্যোগের জেরে আটকে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, ঘুরপথে ফিরবেন কলকাতায়

10 views
A+A-
Reset

নেপালে শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। গত ২০ অগস্ট স্ত্রীকে সঙ্গে নিয়ে নেপালে পৌঁছন তিনি। পোখরায় শুটিং চলছিল। কিন্তু প্রবল বৃষ্টি ও একের পর এক প্রাকৃতিক দুর্যোগের জেরে আপাতত বন্ধ হয়ে গিয়েছে শুটিং। নিরাপদে থাকলেও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় কলকাতায় ফেরার পথ নিয়েই তৈরি হয়েছে জটিলতা।

অভিনেতা জানিয়েছেন, বাড়ি না ফেরা পর্যন্ত একটা চাপা টেনশন থেকেই যাচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল তাঁর কলকাতায় ফেরার কথা। কিন্তু কাঠমান্ডু হয়ে ফেরার যে পরিকল্পনা ছিল, রাস্তা ভেঙে যাওয়ায় সেই পথ আর ব্যবহার করা যাচ্ছে না। ফলে ঘুরপথে কলকাতায় ফেরার ব্যবস্থা করা হয়েছে।

খরাজ মুখোপাধ্যায়ের কথায়, “বাড়ি না ফেরা পর্যন্ত টেনশন কাজ করছে। যেদিন যাব সেদিনই শো আছে। প্রবল বৃষ্টিতে শুটিং বন্ধ হয়েছে। সেটাও সমস্যা। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। কাল ফ্লাইট আছে। আজ ফ্লাইট নেই, একটা চাপা টেনশন কাজ করছে।”

জানা গিয়েছে, আপাতত পোখরা থেকে সড়কপথে বেরিয়ে উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেখান থেকে কলকাতার সরাসরি বিমান ধরবেন অভিনেতা ও তাঁর স্ত্রী। আগামীকাল তাঁদের কলকাতায় ফেরার কথা।

গত রাত থেকেই খরাজ মুখোপাধ্যায় এবং তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন বিভিন্ন শুভাকাঙ্ক্ষী। অনেক সময় অভিনেতার ফোন বন্ধ থাকায় উদ্বেগও তৈরি হয়েছিল। তবে পরে অভিনেতা নিজেই পরিস্থিতির কথা জানান। তিনি ও তাঁর স্ত্রী নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে।

একই শুটিংয়ের জন্য নেপালে ছিলেন অভিনেতা রজতাভ দত্তও। তবে তিনি কয়েক দিন আগেই দেশে ফিরে এসেছেন। পোখরায় শুটিং চলায় খরাজদের শুটিং টিম সরাসরি দুর্যোগের কেন্দ্রস্থলে ছিল না। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জেরে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাঁদের ফেরার পথে সমস্যা তৈরি হয়েছে।

এদিকে বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হড়পা বান নামে। তার আগে তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ভূমিকম্প ও তুষারধসের ঘটনাও ঘটে। নেপাল এবং চিনের তিব্বত অঞ্চলের বিস্তীর্ণ এলাকা হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত হয়েছে। ধ্বংস হয়েছে সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর এবং ব্যাহত হয়েছে একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। শতাধিক মানুষের মৃত্যুর খবরের পাশাপাশি এখনও বহু মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে নেপালের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। তারই মধ্যে পোখরা থেকে ঘুরপথে দেশে ফেরার চেষ্টা করছেন খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী। শুটিং আপাতত বন্ধ থাকায় এখন তাঁদের একমাত্র লক্ষ্য নিরাপদে কলকাতায় ফেরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.