প্রথম পাতা খবর ফের দুর্যোগের মেঘ বাংলার আকাশে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের দুর্যোগের মেঘ বাংলার আকাশে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

5 views
A+A-
Reset

বর্ষার বিদায় এখনও সম্পূর্ণ হয়নি। তার মধ্যেই ফের নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়ল বাংলায়। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি ওড়িশার উপর দিয়ে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় আরও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দুই ব্যবস্থার প্রভাবেই রাজ্যে ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবারও দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা-সহ প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গেরও। বৃহস্পতিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ফলে বর্ষা বিদায়ের মুখে ফের সক্রিয় বৃষ্টির পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি কতটা বাড়ে, এখন সেদিকেই নজর আবহবিদদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.