প্রথম পাতা খবর ২১ জুলাই কলকাতায় তিন সভা, একাধিক রাস্তায় যানজটের আশঙ্কা; জারি ট্রাফিক নিয়ন্ত্রণ

২১ জুলাই কলকাতায় তিন সভা, একাধিক রাস্তায় যানজটের আশঙ্কা; জারি ট্রাফিক নিয়ন্ত্রণ

10 views
A+A-
Reset

২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে মঙ্গলবার কলকাতার মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে তিনটি পৃথক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, বিশেষ করে বেলা ১১টা নাগাদ শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে। পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।

পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য যানজটের তালিকায় রয়েছে— এসপ্ল্যানেড ক্রসিং, ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহরু রোড, চৌরঙ্গি রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, লেনিন সরণি, এসএন ব্যানার্জি রোড, মৌলালি ক্রসিং, এপিসি রোড, এজেসি বোস রোড, হাওড়া ব্রিজ, ব্রাবোর্ন রোড, এমজি রোড, স্ট্র্যান্ড রোড, রবীন্দ্র সরণি, মেয়ো রোড, ডাফরিন রোড, থিয়েটার রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, হরিশ মুখার্জি রোড এবং এটিএম রোড।

এবার শহরে তিনটি পৃথক ২১ জুলাইয়ের কর্মসূচি হচ্ছে। প্রদেশ কংগ্রেসের সমাবেশ অনুষ্ঠিত হবে শহিদ মিনার ময়দানে। অন্যদিকে, কালীঘাটপন্থী তৃণমূলের সভা হবে ক্যাথিড্রাল রোডে বিড়লা তারামণ্ডলের সামনে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের ‘শহিদ স্মরণ’ কর্মসূচি হবে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে।

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউ রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, চৌরঙ্গি রোড এবং জওহরলাল নেহরু রোডে পণ্যবাহী যান চলাচলের উপর নিয়ন্ত্রণ থাকবে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, শাকসবজি, ফল, মাছ, দুধ, ওষুধ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচির জন্য ক্যাথিড্রাল রোডের একটি দিক সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে পশ্চিম দিকের উত্তর থেকে দক্ষিণমুখী রাস্তা স্বাভাবিকভাবে খোলা থাকবে। অন্যদিকে, ঋতব্রত শিবিরের সভার জন্য মেয়ো রোডের একটি অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকবে। ওই পথে চলাচলকারী যানবাহনকে বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে।

কলকাতা পুলিশের দাবি, শহিদ মিনারে কংগ্রেসের সভার জন্য বড় ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণের প্রয়োজন হবে না। তবে রেড রোড, মেয়ো রোড এবং সংলগ্ন এলাকায় সমর্থকদের ভিড়ের কারণে যানবাহনের গতি কমে যেতে পারে। একইভাবে বিড়লা তারামণ্ডলের সামনে সভার কারণে ক্যাথিড্রাল রোড ও কুইনসওয়ের সংযোগস্থলেও যানজটের আশঙ্কা রয়েছে।

তিনটি কর্মসূচিকে ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড এবং শহিদ মিনার এলাকায় মোট প্রায় এক হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং র‍্যাফও থাকবে। নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের সেন্ট্রাল ও সাউথ ডিভিশন-সহ অন্তত পাঁচ জন ডেপুটি কমিশনার।

কলকাতা পুলিশের আবেদন, মঙ্গলবার প্রয়োজন না থাকলে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলুন। যাঁদের ওই এলাকায় যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাঁরা সময় হাতে নিয়ে বেরোন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে বিকল্প রাস্তা ব্যবহার করুন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.