প্রথম পাতা খবর অনুমতি ছাড়া বিজয়মিছিল নয়, জেসিবি নামালেই মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: সিপি অজয় নন্দ

অনুমতি ছাড়া বিজয়মিছিল নয়, জেসিবি নামালেই মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: সিপি অজয় নন্দ

9 views
A+A-
Reset

ভোট পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। বুধবার সকালে লালবাজারে সাংবাদিক বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা ঘোষণা করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজয়মিছিল করতে হলে আগাম পুলিশি অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনও মিছিল করা যাবে না।

সাংবাদিক বৈঠকে সিপি জানান, বর্তমানে শহরে ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কোথাও কোনও রকম অশান্তি বা ভয়ভীতির পরিবেশ তৈরি হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদনও করেন তিনি। তাঁর কথায়, “ভোট শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে। এখন সকলের দায়িত্ব শান্তি বজায় রাখা।”

একই সঙ্গে মিছিল নিয়ে আরও কড়া বার্তা দেয় কলকাতা পুলিশ। সিপি জানান, কোনও অবস্থাতেই জেসিবি নিয়ে মিছিল করা যাবে না। যদি কেউ জেসিবি ভাড়া দিয়ে এই ধরনের মিছিলে অংশ নিতে সাহায্য করেন, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি বিভিন্ন জায়গায় বিজয় উদ্‌যাপনে ভারী যন্ত্র ব্যবহার নিয়ে বিতর্কের আবহে এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতার পুলিশ কমিশনার আরও জানান, ইতিমধ্যেই ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। কোথাও পুলিশের গাফিলতি প্রমাণিত হলে বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। শহরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও দাবি করেন সিপি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.