প্রথম পাতা খবর কালবৈশাখীর দাপটে নাজেহাল কলকাতা, গাছ পড়ে বিপর্যস্ত যান চলাচল; সন্ধ্যা পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস

কালবৈশাখীর দাপটে নাজেহাল কলকাতা, গাছ পড়ে বিপর্যস্ত যান চলাচল; সন্ধ্যা পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস

10 views
A+A-
Reset

কলকাতা: আকাশ কালো করে মঙ্গলবার দুপুর থেকে ঝড়বৃষ্টি শুরু হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। প্রবল বজ্রপাত ও দমকা হাওয়ার সঙ্গে শুরু হওয়া বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে শহর কলকাতা। ঝড়ের দাপটে শহরের বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ে, যার ফলে ব্যাহত হয় যান চলাচল। নিত্যযাত্রীদের পাশাপাশি স্কুল-কলেজ থেকে ফেরা পড়ুয়া ও অভিভাবকদেরও দুর্ভোগে পড়তে হয়।

মঙ্গলবার দুপুর প্রায় ২টো নাগাদ কলকাতায় বৃষ্টি শুরু হয়। তার সঙ্গে ছিল ঘন ঘন বজ্রপাত। ধর্মতলা, হাই কোর্ট চত্বর-সহ শহরের একাধিক এলাকায় জল জমে যায়। হাই কোর্টের কাছে গাছ ভেঙে পড়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং তৈরি হয় তীব্র যানজট। হাই কোর্টের পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়ির উপরেও গাছ ভেঙে পড়ার খবর মিলেছে।

ডাফরিন রোডে ঝড়ের দাপটে একটি অস্থায়ী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর পেয়ে পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন।

শুধু কলকাতাই নয়, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও ঝড়বৃষ্টির প্রভাব দেখা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার দুপুর ২টো থেকে পরবর্তী তিন ঘণ্টার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় তীব্র বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যান্য জেলাতেও মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.