Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়',  ময়নাগুড়ি সভা থেকে বিজেপিকে তোপ মমতার - NewsOnly24

‘বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়’,  ময়নাগুড়ি সভা থেকে বিজেপিকে তোপ মমতার

বিধানসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গ থেকে জোর প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ময়নাগুড়ির জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, বাংলাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় ওরা। অনেক পরিকল্পনা করেছে। আমি জানতে পেরে গর্জন করেছি।” তিনি আরও অভিযোগ করেন, বিজেপি উত্তরবঙ্গের কিছু জেলাকে অন্য রাজ্যের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছিল। তবে তৃণমূল সেই পরিকল্পনা রুখে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

সভা থেকে সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল থাকতে বাংলা ভাগ হবে না। মানুষের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, প্রয়োজনে আবারও করব।”

এদিনের সভায় বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যু তুলে ধরেন মমতা। নোটবন্দি থেকে শুরু করে নাগরিকত্ব সংক্রান্ত ইস্যু, ভোটার তালিকা বিতর্ক—সবকিছু নিয়েই কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি। অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে মহিলাদের নাম কেটে দেওয়া হয়েছে পদবি পরিবর্তনের কারণে।

তিনি আরও দাবি করেন, বিভিন্ন প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে এবং এর ফলে বহু মানুষের ক্ষতি হয়েছে। পাশাপাশি পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা। নির্বাচনের আগে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন ময়নাগুড়ির সভা থেকে মমতার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ইন্ধন জোগাল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

‘ভোটের দিন বুথ পাহারা দিন’—মাটিগাড়া-নকশালবাড়ি থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

ভোটের আগে ভবানীপুরে নতুন বিতর্ক, ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ বিডিও নিয়োগে প্রশ্ন তুলল তৃণমূল

ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ বিভ্রাট! গভীর রাতে সমাধান, যান্ত্রিক ত্রুটির দাবি কমিশনের