প্রথম পাতা খবর উত্তরবঙ্গে ফের লাল সতর্কতা, ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস; ধস ও প্লাবনের আশঙ্কা

উত্তরবঙ্গে ফের লাল সতর্কতা, ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস; ধস ও প্লাবনের আশঙ্কা

11 views
A+A-
Reset

নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগের টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকায় প্লাবন এবং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়বাসী এবং পর্যটকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবেই উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর দিনাজপুর জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় লাল সতর্কতা বলবৎ থাকবে। প্রবল বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত না হলে আদ্রর্তাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির উপরও নজর রাখছে প্রশাসন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.