প্রথম পাতা খবর পুজোর আগেই রাজ্যে ফের ভোটের দামামা, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন

পুজোর আগেই রাজ্যে ফের ভোটের দামামা, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন

6 views
A+A-
Reset

পুজোর আগে ফের ভোটের দামামা বাজল রাজ্যে। সোমবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ৯ অক্টোবর। ফলে পুজোর আগেই দুই কেন্দ্রের বিধায়কশূন্যতা কাটতে চলেছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ৯ অক্টোবর ভোটগণনা ও ফলপ্রকাশ। সেইমতো দুই কেন্দ্রে ভোটপ্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরই মনোনয়ন জমা ও প্রত্যাহারের দিনক্ষণ-সহ নির্বাচনের বিস্তারিত সূচি জানা যাবে।

কেন উপনির্বাচন নন্দীগ্রামে?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী, তাঁকে একটি আসন ছাড়তে হয়। শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক গড় নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন মুখ্যমন্ত্রী। ফলে বিধায়কশূন্য হয়ে পড়ে নন্দীগ্রাম। এবার উপনির্বাচনের মাধ্যমে নতুন বিধায়ক বেছে নেবেন নন্দীগ্রামের ভোটাররা।

রেজিনগরেও একই পরিস্থিতি

অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা—দুই কেন্দ্রেই জয় পান তৃণমূল থেকে বহিষ্কৃত এবং আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। নিয়ম মেনে তাঁকেও একটি আসন ছাড়তে হয়। তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেন। সূত্রের খবর, ওই কেন্দ্রে নিজের ছেলেকে প্রার্থী করার পরিকল্পনাও করেছেন হুমায়ুন কবীর।

ফলে নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরেও উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। দুই কেন্দ্রেই একই দিনে, অর্থাৎ ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে এবং ৯ অক্টোবর ফল ঘোষণা করা হবে।

শুভেন্দুর চ্যালেঞ্জের পরীক্ষা

নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রেই বিজেপির রেকর্ড মার্জিনে জয়ের চ্যালেঞ্জ আগেই ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই চ্যালেঞ্জ কতটা বাস্তবায়িত হয়, তারই পরীক্ষা হবে উপনির্বাচনে। পুজোর ঠিক আগে ৬ অক্টোবর ভোট, আর তার তিন দিন পরই ফলাফল—ফলে রাজনৈতিক মহলে এই দুই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.