প্রথম পাতা খবর নেপালে হড়পা বানে নিখোঁজ কলকাতার ৩২ জন! মানস সরোবর যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন

নেপালে হড়পা বানে নিখোঁজ কলকাতার ৩২ জন! মানস সরোবর যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন

2 views
A+A-
Reset

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ কলকাতার ৩২ জনের একটি পর্যটকদল। একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে মানস সরোবর দর্শনে গিয়েছিলেন তাঁরা। বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল দলের সদস্যদের। কিন্তু তার আগেই রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান নেমে বিপর্যয় ঘটায়। এরপর থেকেই কলকাতার ওই দলের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এখনও তাঁদের কোনও সন্ধান মেলেনি।

জানা গিয়েছে, নিখোঁজ দলের ৩২ জনের মধ্যে ৩০ জন পর্যটক এবং দু’জন ভ্রমণ সংস্থার কর্মী। দলের এক পর্যটক মানস সরোবর দর্শনের জন্য আমেরিকা থেকে নেপালে গিয়েছিলেন। যদিও তিনি ভারতীয় নাগরিক।

ভ্রমণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত ২১ অগস্ট কলকাতা থেকে রওনা দিয়েছিল দলটি। ২২ অগস্ট তারা নেপালে পৌঁছয়। মঙ্গলবার পর্যন্ত দলের সদস্যরা কাঠমান্ডুতেই ছিলেন। সেখান থেকে ছবি ও ভিডিয়োও পাঠিয়েছিলেন তাঁরা। বুধবার সকালে তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল।

ভ্রমণ সংস্থার কর্মী দিব্যজ্যোতি বসু জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ দলের সদস্যরা অভিবাসন দফতরে ছিলেন। তার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দলের কেউ আর ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেননি।

বিপর্যয়ের খবর পাওয়ার পর আন্তর্জাতিক ভাবে মানস সরোবর যাত্রার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একটি সংস্থা হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। কিন্তু পরিস্থিতি এতটাই প্রতিকূল ছিল যে ঘটনাস্থলে হেলিকপ্টার নামানো সম্ভব হয়নি। কলকাতার ওই পর্যটকদের খোঁজে নেপাল ট্যুরিজ়ম এবং সে দেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই দলের সদস্যদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি।

নেপালে আটকে হুগলির পর্যটকদল

এদিকে, নেপালে গিয়ে আটকে পড়েছে হুগলির আর একটি পর্যটকদল। আরামবাগের ৬৫ জন পর্যটককে নিয়ে একটি বাস রয়েছে চেতনপার্ক এলাকায়। ওই এলাকা মূল বিপর্যয়স্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। দলের সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

গত ২৪ অগস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই ৬৫ জন। বুধবার সকালে তাঁদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়। যদিও বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

নেপালে মৃত ৭২, নিখোঁজ শতাধিক পর্যটক

বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকাই ভয়াবহ হড়পা বান নামে। নেপালের বিপর্যয় মোকাবিলা দফতর এখনও পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপাল পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী, বিপর্যয়ের পর ২৯১ জন বিদেশি নাগরিক-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ১৪২ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে ৩৭ জন অনাবাসী ভারতীয়।

হড়পা বানের জেরে রাসুয়া-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল জলের তোড়ে ঘরবাড়ি, রাস্তা, সেতু এবং বসতি ভেসে যাচ্ছে। কাদামাটি, পাথর ও জলের স্রোতে পাহাড়ি এলাকার বিস্তীর্ণ অংশ বিপর্যস্ত। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োগুলির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।

উপগ্রহচিত্রেও বিপর্যয়ের ভয়াবহতার ছবি ধরা পড়েছে। পাহাড়ের ঢালে গড়ে ওঠা একাধিক গ্রাম ও বসতি কাদা-পাথরের স্তূপে চাপা পড়ে থাকতে দেখা গিয়েছে।

এই পরিস্থিতিতে কলকাতার ৩২ পর্যটকের সন্ধানে পরিবারের উৎকণ্ঠা বাড়ছে। তাঁদের সঙ্গে শেষবার কখন এবং কোথায় যোগাযোগ হয়েছিল, তা খতিয়ে দেখে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি, নেপালের বিপর্যস্ত এলাকায় আটকে থাকা ভারতীয় পর্যটকদের উদ্ধারে প্রশাসনের তৎপরতার দিকেও নজর রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.